দ্রুত স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে-জামায়াত আমির
- আপডেট সময় : ০৩:২৭:১২ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬
- / ১০১৩ বার পড়া হয়েছে
দ্রুত স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে-জামায়াত আমির
মোফাজ্জল হোসেন ইলিয়াছ/হাবিব সারোয়ারঃ
তৃণমূল পর্যায়ে গণতন্ত্রকে শক্তিশালী করতে দ্রুত স্থানীয় সরকার নির্বাচন প্রয়োজন। আমরা স্থানীয় সরকার নির্বাচনের জন্য অপেক্ষায় আছি। এটি দ্রুত হওয়া উচিত। ‘’আমরা অতিরিক্ত কিছু চাই না, ন্যায্য অধিকারটাই চাই’’। আমরা সরকারের ভালো কাজকে নৈতিক সমর্থন দেব, তবে জনস্বার্থবিরোধী কোনো কিছু মেনে নেওয়া হবে না।
আজ রোববার (২২ মার্চ) সকালে নগরীর সিলেট সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে জামায়াতে ইসলামীর আমির ও সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। এসব কথা বলেন।
তিনি আরও বলেন, জনপ্রতিনিধিদের মাধ্যমেই জনগণের কাজ সম্পন্ন হওয়া উচিত, যাতে জবাবদিহি নিশ্চিত হয় এবং তৃণমূল পর্যায়ে গণতন্ত্র শক্তিশালী হয়। সিলেটের উন্নয়ন বঞ্চনার অবসান ঘটিয়ে ন্যায্য অধিকার নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
সিলেটের উন্নয়ন নিশ্চিত করতে সরকারের পক্ষ থেকে সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ ও তার বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, বিরোধী দল হিসেবে তারা জনগণের পক্ষে দাবি তুলে যাবেন, তবে বাস্তবায়নের দায়িত্ব সরকারের।
জামায়াত আমির বলেন, রাজনৈতিক পরিবর্তনের পর দেশ ঘুরে দাঁড়ালেও এখনো সংকট পুরোপুরি কাটেনি। সমাজে অনিয়ম, বিশৃঙ্খলা ও প্রতিহিংসার প্রবণতা বিদ্যমান রয়েছে। ফ্যাসিবাদের একটি বড় অংশ বিদায় নিলেও তার প্রভাব এখনো রয়ে গেছে বলে মন্তব্য করেন তিনি। পাশাপাশি দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতিকে উদ্বেগজনক উল্লেখ করে বিভিন্ন স্থানে সহিংসতার ঘটনায় দুঃখ প্রকাশ করেন।
রাজনীতির প্রতি মানুষের আস্থা কমে যাওয়ার কারণ হিসেবে তিনি বলেন, রাজনীতিবিদদের কথার সঙ্গে কাজের মিল না থাকায় জনগণের মধ্যে অনাস্থা তৈরি হয়েছে। একটি জবাবদিহিমূলক ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে রাজনৈতিক দলগুলোর দায়িত্বশীল আচরণ জরুরি।
দৈনিক আস্থা/এমএইচ
























