নিখোঁজের ৪ দিনপর যুবকের লাশ উদ্ধার
- আপডেট সময় : ০৬:৩৮:০০ অপরাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫
- / ১৬৭৯ বার পড়া হয়েছে
৪ দিনপর যুবকের লাশ উদ্ধার
সাতক্ষীরা প্রতিনিধিঃ
সাতক্ষীরার কলারোয়ায় নিখোঁজের চার দিন পর ইমরান হোসেন নামে (২৭) নামে এক রাজমিস্ত্রীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকালে উপজেলার কাজিরহাট কলেজের সামনের একটি ঘের থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত ইমরান হোসেন উপজেলার কেরালকাতা গ্রামের ছদর উদ্দীনের ছেলে। পেশায় রাজমিস্ত্রি ছিলেন তিনি।
পরিবার জানায়, ২৪ আগস্ট সকালে ইমরানের ঘনিষ্ঠ বন্ধু রিপন তাকে ফোনে ডেকে নেন। বের হওয়ার সময় স্ত্রী-সন্তানের সঙ্গে শেষ কথোপকথনে তিনি বলেন, ‘বাজার থেকে মেয়ের জন্য স্কুল ব্যাগ আর ফল নিয়ে ফিরব।’ এরপর থেকেই আর তার কোনো খোঁজ মেলেনি। দুই দিন পর ২৬ আগস্ট পরিবারের পক্ষ থেকে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
ইমরানের মা আমেনা বেগম দাবি করেন, পরিকল্পিতভাবে তার ছেলেকে হত্যা করা হয়েছে। তিনি বলেন, ‘রিপন আমার ছেলেকে ডেকে নিয়েছে। এরপর থেকে সে আর ফিরে আসেনি। আমার ছেলেকে হত্যা করা হয়েছে।’
স্থানীয়দের দাবি, ঘটনাটি একটি নৃশংস হত্যাকাণ্ড। তারা দ্রুত জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সাইফুল ইসলাম বলেন, ২৪ আগস্ট থেকে ইমরান নিখোঁজ ছিলেন। বুধবার সকালে স্থানীয় গ্রাম পুলিশের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, ‘প্রাথমিকভাবে আমরা মনে করছি এটি হত্যাকাণ্ড। তবে কারা, কী কারণে এই ঘটনা ঘটিয়েছে তা তদন্ত করে বের করা হবে।















