মবের মাধ্যমে চলে যাওয়া হাসিনাকে দায়িত্ব পালনের নির্দেশ
- আপডেট সময় : ০২:১৭:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
- / ১০১৮ বার পড়া হয়েছে
মবের মাধ্যমে চলে যাওয়া হাসিনাকে দায়িত্ব পালনের নির্দেশ
আস্থা ডেস্কঃ
মব করে সরিয়ে দেয়া কুমিল্লার ব্রাহ্মণপাড়ার বেড়া খোলা বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা হাসিনা ইসলামকে দায়িত্ব চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে বিদ্যালয়টির বরখাস্তকৃত প্রধান শিক্ষক আমিনুল ইসলামকে স্কুলের সীমানায় প্রবেশ না করার নির্দেশ দেয়া হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিচারপতি কামরুল কাদের ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন।
এদিন বরখাস্তকৃত প্রধান শিক্ষক আমিনুল ইসলামকে তলব করেন হাইকোর্ট। তার বিরুদ্ধে মব করার বিষয়ে ব্যাখ্যাও চাওয়া হয়। আদালতে দেয়া তার জবাব সন্তোষজনক না হওয়ায় তাকে জেলে পাঠানোর কথা জানান হাইকোর্ট। তবে পরক্ষণেই তিনি আদালতের কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন। পরে তাকে স্কুলের সীমানায় প্রবেশ না করার নির্দেশ দেন হাইকোর্ট।
এর আগে ২০২৫ সালের ৩১ মার্চ কুমিল্লার ব্রাহ্মণপাড়ার একটি বিদ্যালয়ে ঢুকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা হাছিনা ইসলামকে মারধর ও লাথি মেরে চেয়ার থেকে ফেলে দেয়ার ঘটনা ঘটে। এ সময় বিদ্যালয়ের সিসিটিভি ক্যামেরা ভাঙচুর, অর্থ ও গুরুত্বপূর্ণ নথিপত্র লুটপাটেরও অভিযোগ ওঠে বরখাস্তকৃত শিক্ষক আমিনুল ইসলাম সুজন ও তার সমর্থকদের বিরুদ্ধে।
বিদ্যালয়টির নিয়ন্ত্রণ ও প্রধান শিক্ষকের পদ নিয়ে দীর্ঘদিন ধরে চলে আসা দ্বন্দ্ব একপর্যায়ে উচ্চ আদালত পর্যন্ত গড়ায়। এ ঘটনায় বরখাস্তকৃত প্রধান শিক্ষক আমিনুল ইসলাম হাইকোর্টে রিট করেন। বরখাস্ত ও অন্যান্য সংকটকে কেন্দ্র করে সংশ্লিষ্ট পক্ষগুলোও পাল্টাপাল্টি আইনি পদক্ষেপ নেয়।
আস্থা/এমএইচ









