কুড়িগ্রাম উন্নয়নে রাজনৈতিক হিসাব নয়, অগ্রাধিকার দারিদ্র্য বিমোচন: দুলু’
- আপডেট সময় : ০২:৪৫:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
- / ১০১৪ বার পড়া হয়েছে
কুড়িগ্রাম উন্নয়নে রাজনৈতিক হিসাব নয়, অগ্রাধিকার দারিদ্র্য বিমোচন: দুলু’
রিয়াজুল হক সাগর/রংপুর প্রতিনিধিঃ
নির্বাচনে কোনো আসন না পেলেও কুড়িগ্রামকে উন্নয়ন থেকে বঞ্চিত করা হবে না, দেশের পিছিয়ে থাকা এই জেলার মানুষের আর্থসামাজিক উন্নয়ন, দারিদ্র্য বিমোচন ও কর্মসংস্থান সৃষ্টিতে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন দুর্যোগ, ত্রাণ ও পুনর্বাসনমন্ত্রী আসাদুল হাবিব দুলু।
আজ বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে রাজারহাট উপজেলা কমপ্লেক্সের নতুন প্রশাসনিক ভবন ও হলরুম উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
কুড়িগ্রামের দারিদ্র্য পরিস্থিতি তুলে ধরে মন্ত্রী বলেন, এ জেলার বিপুলসংখ্যক মানুষ এখনো দারিদ্র্যসীমার নিচে বসবাস করছেন। শুধু অবকাঠামো নির্মাণ করে এ অবস্থার পরিবর্তন সম্ভব নয়। মানুষের আয় ও কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর মাধ্যমে অর্থনৈতিক সক্ষমতা তৈরি করাই সরকারের অন্যতম লক্ষ্য।
তিনি বলেন, স্থানীয় পর্যায়ে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সরকার বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে। এসব প্রকল্প বাস্তবায়িত হলে মানুষের আয় বাড়বে এবং জীবনযাত্রার মানের উন্নতি ঘটবে।
দেশের প্রশাসনিক কাঠামোর বর্তমান পরিস্থিতি প্রসঙ্গে আসাদুল হাবিব দুলু বলেন, ‘বিগত ১৭ বছরে রাষ্ট্রযন্ত্রের বিভিন্ন বিভাগকে পঙ্গু করে ফেলা হয়েছিল।’ দীর্ঘদিন প্রতিষ্ঠানগুলো সঠিকভাবে কাজ করতে না পারায় আইনশৃঙ্খলা পরিস্থিতির পাশাপাশি প্রশাসনের বিভিন্ন স্তরে অনিয়ম, দুর্নীতি ও অসামঞ্জস্য তৈরি হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
মন্ত্রী বলেন, দীর্ঘদিনের এসব সমস্যা একদিনে দূর করা সম্ভব নয়। তবে প্রশাসনকে শক্তিশালী, স্বচ্ছ ও জবাবদিহিমূলক করতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে। রাজারহাট উপজেলা কমপ্লেক্সের নতুন প্রশাসনিক ভবন ও হলরুম উদ্বোধন প্রসঙ্গে তিনি বলেন, আধুনিক অবকাঠামো কর্মকর্তা-কর্মচারীদের কাজের পরিবেশ উন্নত করবে। একই সঙ্গে উপজেলা পর্যায়ে সাধারণ মানুষের সরকারি সেবা পাওয়ার পথ আরও সহজ হবে।
উদ্বোধন শেষে মন্ত্রী নতুন ভবনের বিভিন্ন অংশ পরিদর্শন করেন এবং কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ছাড়াও জেলা ও উপজেলা বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আস্থা/এমএইচ









