সাংবাদিকদের ওপর পুলিশের হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে-এমআরএ
- আপডেট সময় : ১২:১৭:২২ পূর্বাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬
- / ১০১৮ বার পড়া হয়েছে
সাংবাদিকদের ওপর পুলিশের হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে-এমআরএ
স্টাফ রিপোর্টারঃ
উর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতেই সাংবাদিকদের ওপর পুলিশের অতর্কিত হামলার এমআরএ এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (এমআরএ)।
রাজধানীর বাংলামোটর এলাকায় উর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উপস্থিতিতেই সাংবাদিকদের ওপর পুলিশের অতর্কিত লাঠিচার্জ ও হামলার ঘটনায় আমরা গভীর উদ্বেগ, ক্ষোভ ও তীব্র নিন্দা জানাচ্ছি।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেল প্রায় ৫টার দিকে বাংলামোটর মোড়ে ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের ওপর বিনা উসকানিতে পুলিশ হামলা চালায়। এ ঘটনার ভিডিও ধারণ করায় স্থানীয় এক ব্যক্তির মোবাইল ফোন কেড়ে নিয়ে ভিডিও ডিলিট করা হয় এবং তাকে মারধর করা হয় বলে অভিযোগ রয়েছে।
পুলিশের এই অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ডের বিষয়ে সাংবাদিকরা প্রশ্ন তুললে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। ব্যক্তিগত মোবাইল ফোন তল্লাশি ও ভিডিও ডিলিট করার আইনগত এখতিয়ার নিয়ে প্রশ্ন করায় পুলিশ সাংবাদিকদের ওপর অতর্কিত লাঠিচার্জ শুরু করে। এতে আরটিএনএনের চিফ মাল্টিমিডিয়া রিপোর্টার আবু বক্কার সিদ্দিকসহ ১৫ থেকে ২০ জন সাংবাদিক আহত হন।
অভিযোগ রয়েছে, পুলিশ সদস্য জাহিদের নেতৃত্বেই এই হামলা চালানো হয়। এটি সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে সরাসরি বাধা সৃষ্টি করেছে এবং গণমাধ্যমের স্বাধীনতার ওপর নগ্ন হস্তক্ষেপের শামিল।
মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছে। সংগঠনের সভাপতি ফখরুল ইসলাম ও সাধারণ সম্পাদক আকতারুজ্জামান বলেন, পুলিশের এমন আচরণ স্বাধীন সাংবাদিকতার পরিপন্থী এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা হিসেবেও দেখা যেতে পারে।
আমরা মনে করি, ভিডিও ফুটেজ থাকা সত্ত্বেও পুলিশের পক্ষ থেকে হামলার অভিযোগ অস্বীকার করা অত্যন্ত দুঃখজনক ও দায়িত্বজ্ঞানহীন বক্তব্য। (প্রেস বিজ্ঞপ্তি)।
















