হরমুজ নিয়ে মতবিরোধ: আলোচনা যাচ্ছে তৃতীয় ধাপে
- আপডেট সময় : ০৬:৪৪:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬
- / ১০০৩ বার পড়া হয়েছে
হরমুজ নিয়ে মতবিরোধ: আলোচনা যাচ্ছে তৃতীয় ধাপে
আন্তর্জাতিক ডেস্কঃ
ইরান ও যুক্তরাষ্ট্র আলোচনার জন্য একটি অভিন্ন কাঠামো তৈরির লক্ষ্যে নিজেদের মধ্যে লিখিত খসড়া বিনিময় করেছে বলে জানিয়েছে ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম। তবে কৌশলগত হরমুজ প্রণালি ইস্যুতে তীব্র মতবিরোধের কারণে আলোচনা তৃতীয় ধাপে পৌঁছানোর সম্ভাবনা তৈরি হয়েছে। (সূত্র-আল জাজিরা ও এএফপি, তাসনিম নিউজ)।
ওয়াশিংটনের ‘অতিরিক্ত চাহিদা’ আলোচনার অগ্রগতিতে বাধা সৃষ্টি করছে। বর্তমানে আলোচনা চলমান থাকলেও হরমুজ প্রণালিকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে মতপার্থক্য চরম আকার ধারন করেছে।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের তথ্য অনুযায়ী, পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ইরানি ও মার্কিন কর্মকর্তাদের মধ্যে ইতিমধ্যে দুই দফা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাত বা রোববার (১২ এপ্রিল) তৃতীয় দফার বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে।
হোয়াইট হাউসের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, আয়োজক দেশ পাকিস্তানের উপস্থিতিতে ত্রিপক্ষীয় সরাসরি এই আলোচনা চলছে। এটি একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন, কারণ আগে উভয় পক্ষ পৃথক কক্ষে বসে মধ্যস্থতাকারীর মাধ্যমে আলোচনা করেছে।
এই আলোচনায় ইরানের প্রতিনিধিদলের নেতৃত্বে রয়েছেন পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। দলে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচিসহ অন্যান্য জ্যেষ্ঠ কর্মকর্তারা রয়েছেন।
অপর দিকে, মার্কিন প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তার সঙ্গে রয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর জামাতা জ্যারেড কুশনার এবং মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইট কফ। খবর-আল জাজিরা ও এএফপি, তাসনিম নিউজ)।
দৈনিক আস্থা/এমএইচ



















