আইজিপি সেজে ডিআইজির সাথে চ্যাট করতে গিয়ে যুবক ধরা
- আপডেট সময় : ০৭:২০:৪৬ অপরাহ্ন, রবিবার, ২২ অগাস্ট ২০২১
- / ১০৩৯ বার পড়া হয়েছে
আইজিপি সেজে ডিআইজির সাথে চ্যাট করতে গিয়ে যুবক ধরা
নওগাঁ প্রতিনিধিঃ আইজিপি সেজে ডিআইজির সাথে চ্যাট করতে গিয়ে যুবক ধরা পুলিশ মহাপরিদর্শকের (আইজিপি) নাম ভাঙিয়ে পুলিশ কর্মকর্তা ও সাধারণ মানুষের কাছ থেকে সুবিধা আদায়, প্রভাব বিস্তার এবং প্রতারণার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। নওগাঁ সদর উপজেলার খাগড়া গ্রাম থেকে ওই প্রতারককে গ্রেপ্তার করে নওগাঁ সদর থানা পুলিশ।
রোববার বিকেল ৩টার দিকে নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান নওগাঁর পুলিশ সুপার আব্দুল মান্নান মিয়া। গ্রেপ্তার ব্যক্তির নাম আমিনুল ইসলাম (৩০)। তার বাড়ি নওগাঁ সদর উপজেলার খাগড়া গ্রামে।
সংবাদ সম্মেলনে আব্দুল মান্নান মিয়া বলেন, প্রতারক আমিরুল ইসলাম পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজির আহমেদের নাম ও ইউনিফর্ম পরিহিত ছবি ব্যবহার করে ভুয়া হোয়াটসঅ্যাপ আইডি খুলেন। এই ভুয়া হোয়াটসঅ্যাপ আইডি থেকে বেশ কিছু দিন ধরে পুলিশের বিভিন্ন উর্ধ্বতন কর্মকর্তাদের কাছে বার্তা পাঠিয়ে অবৈধ সুবিধা নিয়েছেন।
গত ১৯ আগস্ট আমিনুল পুলিশ মহাপরিদর্শকের নাম ও ছবি ব্যবহৃত ভুয়া হোয়াটসঅ্যাপ আইডি থেকে পুলিশের রাজশাহী রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) আব্দুল বাতেনের নম্বরের হোয়াটসঅ্যাপ ‘হাই’ মেসেজ পাঠান। ডিআইজি মোবাইলে সেভ করা আইজিপির নম্বরের সঙ্গে ওই নম্বরের মিল না থাকায় তিনি আইজিপির সঙ্গে এ বিষয়ে কথা বলেন এবং আইজিপি এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য ডিআইজিকে নির্দেশ দেন।
ডিআইজির নির্দেশক্রমে নওগাঁ পুলিশের সাইবার টিম এ বিষয়ে অনুসন্ধান শুরু করে এবং প্রতারক আমিনুলের অবস্থান শনাক্ত করতে সক্ষম হয়। গতকাল শনিবার রাতে নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান ও নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে সদর উপজেলার খাগড়া গ্রামের নিজ বাড়ি থেকে প্রতারক আমিনুলকে আটক করে।
পুলিশ সুপার আরও বলেন, গ্রেপ্তার আমিনুল ইসলামের বিরুদ্ধে নওগাঁ সদর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে। আজ বিকেলে তাঁকে আদালতে নেওয়া হবে। আইজিপি কিংবা পুলিশের অন্য কোনো উর্ধ্বতন কর্মকর্তাদের নাম ও পরিচয় ব্যবহার করে কি কি ধরনের অবৈধ সুবিধা আদায় করেছে তা জানার জন্য আদালতের কাছে তার সাত দিনের রিমান্ড চাওয়া হবে।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান, সুরাইয়া হোসেন, নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
[irp]





















