আওয়ামী লীগ নিষিদ্ধের দায় বিএনপিকেই নিতে হবে: আরাফাত
- আপডেট সময় : ০৬:১৮:০৬ পূর্বাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬
- / ১০০১ বার পড়া হয়েছে
আওয়ামী লীগ নিষিদ্ধের দায় বিএনপিকেই নিতে হবে: আরাফাত
আস্থা ডেস্কঃ
আওয়ামী লীগকে নিষিদ্ধ করার লক্ষ্যে অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশকে ‘অবৈধ’ আখ্যা দিয়ে সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত বলেছেন, বিএনপি যদি এই সিদ্ধান্তকে ভবিষ্যতে সমর্থন দেয় বা আইনে পরিণত করে, তবে এর পূর্ণ দায় ও রাজনৈতিক পরিণতি তাদেরই ভোগ করতে হবে।
আজ (রবিবার) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ আলী আরাফাত এই হুঁশিয়ারি দেন।
বিবৃতিতে তিনি বলেন, “বিএনপি যদি ইউনূস সরকারের অধীনে জারি করা অবৈধ অধ্যাদেশ—যার মাধ্যমে সন্ত্রাসবিরোধী আইনে সংশোধন এনে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে—তা আইনে পরিণত করে, তবেই এই নিষেধাজ্ঞা বহাল থাকবে। এর মাধ্যমে বিএনপিকে দেশের অন্যতম প্রাচীন ও বৃহত্তম রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পূর্ণ দায় নিতে হবে। ভবিষ্যতে এর ফলে যে পরিস্থিতি তৈরি হবে, তার দায়ভার বিএনপিকেই নিতে হবে।”
আওয়ামী লীগের জনভিত্তির কথা স্মরণ করিয়ে দিয়ে সাবেক এই প্রতিমন্ত্রী বলেন, আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ে এবং সমাজের বিভিন্ন স্তরের মানুষের মধ্যে যে ব্যাপক সমর্থন রয়েছে, তা অত্যন্ত শক্তিশালী। তিনি দাবি করেন, দেশের জনমত ইতোমধ্যেই পরিবর্তিত হতে শুরু করেছে এবং এই পরিবর্তনের ধারা আরও তীব্র হচ্ছে।
মোহাম্মদ আলী আরাফাত আরও বলেন, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে আওয়ামী লীগ জনগণের গণতান্ত্রিক অধিকার রক্ষা, আইনের শাসন প্রতিষ্ঠা এবং মানবাধিকার সুরক্ষার সংগ্রামের মাধ্যমে একটি ‘উচ্চতর নৈতিক অবস্থান’ অর্জন করবে। দেশকে স্বৈরাচারের কবল থেকে রক্ষা করতে আওয়ামী লীগ জনগণকে সঙ্গে নিয়ে লড়াই চালিয়ে যাবে বলেও তিনি বিবৃতিতে উল্লেখ করেন।
উল্লেখ্য, সম্প্রতি সন্ত্রাসবিরোধী আইনে সংশোধন এনে রাজনৈতিক দল বা সংগঠন নিষিদ্ধ করার বিধান রেখে একটি অধ্যাদেশ জারি করেছে বর্তমান অন্তর্বর্তী সরকার, যার তীব্র সমালোচনা করে আসছেন আওয়ামী লীগ নেতারা।
দৈনিক আস্থা/এমএইচ



















