আত্মসাতের অভিযোগে ছাত্রদল নেতা আটক
- আপডেট সময় : ০৪:২৭:৩৮ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬
- / ১০০৬ বার পড়া হয়েছে
আত্মসাতের অভিযোগে ছাত্রদল নেতা আটক
স্টাফ রিপোর্টারঃ
কোটি টাকা আত্মসাতের অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) হাজী মুহম্মদ মুহসীন হল শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য মাহি চৌধুরী অর্ণবকে আটক করে পুলিশে সোপর্দ করেছে ভুক্তভোগীরা। দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাকে সংগঠন থেকে আজীবনের জন্য বহিষ্কার করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।
জানা গেছে, গত শনিবার (৪ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর উত্তর ইব্রাহিমপুর এলাকা থেকে ভুক্তভোগীরা কৌশলে মাহিকে আটক করেন। অভিযুক্ত মাহি নিজেকে বড় মাপের ক্যাটফুট ব্যবসায়ী হিসেবে পরিচয় দিতেন এবং রাজধানীজুড়ে তার ২০ থেকে ২২টি দোকান রয়েছে বলে দাবি করতেন। এই ব্যবসার প্রলোভন দেখিয়ে তিনি বিভিন্ন ব্যক্তির কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ হিসেবে গ্রহণ করেন। পরে ভু্ক্তভোগী ব্যক্তিরা মাহিকে আটক করে। এ সময়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।
ভুক্তভোগী আশিকুজ্জামান মোল্লা বলেন, আমরা মাহিকে আরও টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে ডেকে আনি এবং পরে তাকে ধরে পুলিশে সোপর্দ করি।
ভুক্তভোগী হিমেল অভিযোগ করেন, ব্যবসার কথা বলে মাহি তার কাছ থেকে ৪০ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। কিছু টাকা ফেরত দিলেও এখনো তার কাছে ৩৪ লাখ ৫০ হাজার টাকা পাওনা রয়েছে।
একইভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষার্থীসহ আরও অনেকের কাছ থেকে কয়েক কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে মাহির বিরুদ্ধে। অভিযুক্ত মাহি বিশ্ববিদ্যালয়ের ২৩-২৪ সেশনের শিক্ষার্থী বলে জানা গেছে।
এ বিষয়ে কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসাইন বলেন, মাহির বিরুদ্ধে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের প্রাথমিক অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগীদের সহায়তায় পুলিশ তাকে আটক করে থানায় এনেছে। এ ঘটনায় ভুক্তভোগীরা প্রতারণার মামলা করছে। সেই মামলায় তাকে আদালতে প্রেরণ করা হলে আদালত আসামিকে জেলে পাঠায়।
ঢাবি ছাত্রদল সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস ও সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সাংগঠনিক শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় মাহি চৌধুরী অর্ণবকে তার সকল সাংগঠনিক পদ ও প্রাথমিক সদস্যপদ থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের দপ্তর সম্পাদক মল্লিক ওয়াসি উদ্দিন তামী বলেন, মাহির বিরুদ্ধে ওঠা অভিযোগের প্রেক্ষিতে সংগঠন প্রায় এক মাস আগেই সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ শুরু করেছিল। বর্তমানে তাকে পদে বহাল রাখার কোনো সুযোগ নেই। যারা তার মাধ্যমে প্রতারণা বা চাঁদাবাজির শিকার হয়েছেন, তাদের আইনি পদক্ষেপে ছাত্রদল সব ধরনের সহায়তা দেবে।
বার্তা বাজার/এমএমএইচ

















