আসিফ মাহমুদ বিসিবি নির্বাচনে হস্তক্ষেপ করেছেন: তদন্ত কমিটি
- আপডেট সময় : ০৬:২৭:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬
- / ৯৯৭ বার পড়া হয়েছে
আসিফ মাহমুদ বিসিবি নির্বাচনে হস্তক্ষেপ করেছেন: তদন্ত কমিটি
আস্থা ডেস্কঃ
বিসিবির সর্বশেষ নির্বাচনে অনিয়মের অভিযোগ প্রমাণিত হয়েছে জানিয়ে সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। তামিম ইকবালকে আহবায়ক করে ১১ সদস্যের অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে।
আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এসব বিষয় নিশ্চিত করেছেন জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) পরিচালক আমিনুল আহসান।
সংবাদ সম্মেলনে বিসিবির সর্বশেষ নির্বাচনে অনিয়মের অভিযোগের ওপর তদন্ত কমিটির পর্যবেক্ষণ তুলে ধরেছেন আমিনুল আহসান। সেখানে সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও নির্বাচনে বিসিবি সভাপতি নির্বাচিত হওয়া আমিনুল ইসলাম বুলবুলের বিরুদ্ধে অন্যায্য প্রভাব খাটানোর বিষয়টি প্রমাণিত হয়েছে বলে জানিয়েছেন এনএসসি পরিচালক।
আমিনুল আহসান বলেন, তদন্ত কমিটির পর্যবেক্ষণে বিসিবি নির্বাচনে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার প্রত্যক্ষ ও পরোক্ষ হস্তক্ষেপে বিসিবি সভাপতি বুলবুলও দায়িত্বের বাইরে প্রভাব খাটিয়েছেন বলে উল্লেখ আছে তদন্ত কমিটির পর্যবেক্ষণে। প্রসঙ্গত, নির্বাচনের আগেও বিসিবির অন্তর্বর্তীকালীন কমিটির সভাপতি দায়িত্বে ছিলেন বুলবুল।
এনএসসি-র তদন্তে উঠে এসেছে, নির্বাচনে কারচুপির উদ্দেশ্যেই ‘ই-ভোট’ সুবিধা ব্যবহার এবং স্বজনপ্রীতির মাধ্যমে আমিনুল ইসলাম বুলবুল ও নাজমুল আবেদীন ফাহিমকে পরিচালক করা হয়। পাশাপাশি সাবেক ১০ ক্রিকেটারকে কাউন্সিলর করায় নির্বাচনের নিরপেক্ষতা ক্ষুণ্ণ হয়েছে বলে তদন্তে উল্লেখ করা হয়েছে। নির্বাচনে বিসিবির স্বায়ত্তশাসন, স্বাধীনতা ও স্বচ্ছতা পুরোপুরি নষ্ট হয়েছে।
দৈনিক আস্থা/এমএইচ


















