ইরানের প্রস্তাবে নতুন রুটে হরমুজ প্রণালি পাড়ি দিল ৪ জাহাজ
- আপডেট সময় : ০২:০০:৪১ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬
- / ১০২৪ বার পড়া হয়েছে
ইরানের প্রস্তাবে নতুন রুটে হরমুজ প্রণালি পাড়ি দিল ৪ জাহাজ
আন্তর্জাতিক ডেস্কঃ
মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালির বিকল্প রাস্তায় পাড়ি দিয়েছে ভারতীয়সহ ৪ জাহাজ। ইরানের প্রস্তাবে এই জলপথ ব্যবহার করায় বিশ্ব বাণিজ্যে নতুন আশার সঞ্চার হয়েছে। আজ শনিবার (০৪ এপ্রিল) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, নতুন এই রুটটি আন্তর্জাতিক জলসীমা এড়িয়ে ওমানের আঞ্চলিক জলসীমা হয়ে ইরানের জলসীমা এবং কেশম ও লারাক দ্বীপের মাঝ দিয়ে অতিক্রম করেছে। এর ফলে সাম্প্রতিক উত্তেজনার মধ্যে তুলনামূলক নিরাপদ পথ হিসেবে এটি ব্যবহৃত হচ্ছে।
মার্শাল আইল্যান্ডস পতাকাবাহী ‘হাবরুত’ ও ‘ধালকুট’ নামের দুটি তেলবাহী সুপার ট্যাংকার এবং পানামা পতাকাবাহী ‘সোহর’ এলএনজি জাহাজ এই রুট ব্যবহার করেছে। তাদের সঙ্গে ছিল ভারতীয় পতাকাবাহী এমএসভি কিউবা এমএনভি ২১৮৩ নামের একটি কার্গো জাহাজ।
এনডিটিভি জানিয়েছে, জাহাজগুলো সংযুক্ত আরব আমিরাত উপকূলের কাছাকাছি থেকে ওমানের জলসীমায় প্রবেশ করে এবং মুসান্দাম উপদ্বীপের কাছে তাদের স্বয়ংক্রিয় সনাক্তকরণ (এআইএস) সিগন্যাল বন্ধ করে দেয়।
পরে সেগুলোকে মাস্কাট উপকূল থেকে প্রায় ৩৫০ কিলোমিটার দূরে সনাক্ত করা হয়। এর মধ্যে ‘হাবরুত’ ও ‘ধালকুট’ জাহাজ দুটি যথাক্রমে সৌদি আরব ও আমিরাতের প্রায় ২০ লাখ ব্যারেল করে অপরিশোধিত তেল বহন করছিল।
অভিযোগ রয়েছে, এই পথে চলাচলের জন্য জাহাজগুলোকে বিশেষ অনুমতি নিতে হচ্ছে এবং তেলের পরিমাণ অনুযায়ী শুল্কও আরোপ করেছে।
দৈনিক আস্থা/এমএইচ






















