জামায়াত নেতার বাড়ি থেকে অস্ত্র উদ্ধার
- আপডেট সময় : ০৯:০৮:৪২ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬
- / ১০০৩ বার পড়া হয়েছে
জামায়াত নেতার বাড়ি থেকে অস্ত্র উদ্ধার
সুনামগঞ্জ প্রতিনিধিঃ
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় জামায়াত নেতা পিয়ার আলীর বাড়িতে অভিযান চালিয়ে বিদেশি পিস্তলসহ বিপুল পরিমাণ দেশি-বিদেশি অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে সেনা বাহিনী।
আজ বুধবার (২৫ মার্চ) অভিযুক্ত নেতার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করেছে পুলিশ।
অভিযুক্ত পিয়ার আলী উপজেলার মিরপুর ইউনিয়নের শ্রীরামিসি (রসুলপুর) গ্রামের বাসিন্দা এবং স্থানীয় জামায়াতে ইসলামীর আঞ্চলিক শাখার সভাপতি। এদিকে, ঘটনার পর থেকে অভিযুক্ত ওই জামায়াত নেতা পলাতক রয়েছে।
মামলা সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার রাত ২টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনীর ১৭ পদাতিক ডিভিশনের একটি অভিযান দল উপজেলার শ্রীরামিসি (রসুলপুর) গ্রামের বিশেষ অভিযান পরিচালনা কারে জামায়াত নেতা পিয়ার আলীর বসতঘর থেকে বিদেশি পিস্তলসহ বিপুল পরিমাণ দেশি-বিদেশি অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।
অভিযানে একটি বিদেশি পিস্তল, দুইটি বিদেশি রিভলভার, একটি একনলা বন্দুক, একটি দেশি পাইপগান, বিভিন্ন ধরনের ১৩ রাউন্ড গুলি, ১৪ বক্স ক্যালিবারের এয়ারগানের গুলি ও একটি খালি ম্যাগাজিন পিস্তলসহ বিভিন্ন প্রাণঘাতী ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। পরে উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় বুধবার পুলিশ বাদী হয়ে পিয়ার আলীর বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।
ঘটনার পর থেকে পিয়ার আলী পলাতক রয়েছেন। অভিযুক্তকে আটকে পুলিশ কাজ করছে।
দৈনিক আস্থা/এমএইচ



















