দুপুরে জামিন, সন্ধ্যায় কারামুক্ত সাবেক স্পিকার শিরীন শারমিন
- আপডেট সময় : ০৭:৫০:০২ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬
- / ১০০৯ বার পড়া হয়েছে
দুপুরে জামিন, সন্ধ্যায় কারামুক্ত সাবেক স্পিকার শিরীন শারমিন
স্টাফ রিপোর্টারঃ
রাজধানীর লালবাগ থানার একটি হত্যাচেষ্টা মামলায় জামিনের পর কারামুক্ত হয়েছেন জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী। আজ রোববার (১২ এপ্রিল) সন্ধ্যায় কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারের সিনিয়র জেল সুপার মোছাঃ কাওয়ালিন নাহার এ তথ্য নিশ্চিত করে বলেন, আদালতের নির্দেশ অনুযায়ী জামিনের নথি কারাগারে আসার পর তাঁকে মুক্তি দেওয়া হয়েছে।
এর আগে একই দিন দুপুরে ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম জাকির হোসাইন শুনানি শেষে তাঁর জামিন মঞ্জুর করেন।
গত ৭ এপ্রিল ভোরে রাজধানীর ধানমন্ডির ৮/এ সড়কের বাসা থেকে তাঁকে আটক করে ডিবি পুলিশ। সেদিন পুলিশ তাঁর দুই দিনের রিমান্ড আবেদন করে এবং আসামিপক্ষ জামিনের আবেদন জানায়। আদালত উভয় আবেদন নাকচ করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছিলেন।
মামলার তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ১৮ জুলাই বিকেলে আজিমপুর বাসস্ট্যান্ড এলাকায় আন্দোলন চলাকালে হামলার ঘটনা ঘটে। এতে গুলিবিদ্ধ হন আশরাফুল ওরফে ফাহিম। পরে তিনি বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নেন। এ ঘটনায় গত ২৫ মে শেখ হাসিনাসহ ১৩০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ১১৫–১২০ জনকে আসামি করে মামলা করা হয়।
২০০৯ সালে সংরক্ষিত নারী আসন থেকে সংসদে আসা শিরীন শারমিন ২০১৩ সালে দেশের প্রথম নারী স্পিকার নির্বাচিত হন এবং টানা তিন মেয়াদে দায়িত্ব পালন করেন।
দৈনিক আস্থা/এমএইচ


















