যুবদলের এক নেতা বহিষ্কার
- আপডেট সময় : ১২:৫৩:৪০ পূর্বাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬
- / ১০০৭ বার পড়া হয়েছে
যুবদলের এক নেতা বহিষ্কার
নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের ফতুল্লায় গার্মেন্টসের ঝুট ব্যবসা দখলকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনায় যুবদলের এক নেতাকে বহিষ্কার করা হয়েছে।
শুক্রবার (১০ এপ্রিল) রাতে কেন্দ্রীয় যুবদলের সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়ার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। সে মাসুদুর রহমান মাসুদ। তিনি নারায়ণগঞ্জের ফতুল্লা থানা যুবদলের আহ্বায়ক।
বিজ্ঞপ্তি মূলে জানা যায়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে যুবদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়নের সিদ্ধান্ত অনুযায়ী মাসুদুর রহমান মাসুদকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে।
নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি বলেন, ঝুট ব্যবসা নিয়ে এলাকায় আগে থেকেই একজন ব্যবসায়ী কার্যক্রম পরিচালনা করছিলেন। কিন্তু রাজনৈতিক প্রভাব ও পেশিশক্তি ব্যবহার করে মাসুদুর রহমান মাসুদ ব্যবসার নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এর জেরে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে।
তিনি আরও জানান, ওই ঘটনায় এক শিশুসহ দুইজন গুলিবিদ্ধ হন এবং অন্তত ১০ থেকে ১২ জন আহত হন। এ ধরনের সহিংস কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগেই কেন্দ্রীয় কমিটি মাসুদকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়।
প্রসঙ্গত, বৃহস্পতিবার ফতুল্লার চাঁদনী হাউজিং এলাকার একটি শিল্প প্রতিষ্ঠানে ঝুট ব্যবসাকে কেন্দ্র করে যুবদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের একপর্যায়ে গোলাগুলির ঘটনা ঘটে। এতে ১২ বছর বয়সি মাদ্রাসা শিক্ষার্থী ইমরান হোসেন ও রাকিব গুলিবিদ্ধ হন।
দৈনিক আস্থা/এমএইচ





















