শহীদ মিনার কনটেন্ট ক্রিয়েটর গুলিবিদ্ধ
- আপডেট সময় : ১১:২৮:১৬ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬
- / ১০১৯ বার পড়া হয়েছে
শহীদ মিনার কনটেন্ট ক্রিয়েটর গুলিবিদ্ধ
স্টাফ রিপোর্টারঃ
রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় কনটেন্ট ক্রিয়েটর এবং শেখ বোরহান উদ্দিন কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রাকিবুল ইসলাম (২৭) গুলি ও ছুরিকাঘাতের শিকার হয়েছে। তার বাড়ি পুরান ঢাকার নিমতলি এলাকায়। তার বাবার নাম তারিকুল ইসলাম খোকন।
রবিবার (১৫ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে জনাকীর্ণ এই এলাকায় এ ঘটনা ঘটে। হামলার শিকার রাকিবকে গুরুতর আহত অবস্থায় দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নিয়ে যাওয়া হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় রাকিব তার কয়েকজন বন্ধুর সঙ্গে শহীদ মিনারের পাশের একটি চায়ের দোকানে আড্ডা দিচ্ছিলেন। এ সময় এক যুবক তাকে ডেকে নিয়ে যায়। কিছুক্ষণ পরপরই গুলির শব্দ শুনে বন্ধুরা ঘটনাস্থলে ছুটে গেলে রাকিবকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন।
ঘটনার পর পুলিশের একটি দল ঘটনা স্থলে আসেন। একজনকে ঘটনাস্থল থেকে আটক করে শাহবাগ থানায় নেওয়া হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে আটককৃত ব্যক্তির নাম বা তাঁর রাজনৈতিক বা ব্যক্তিগত পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।
রাকিবকে হাসপাতালে নিয়ে আসা তার বন্ধু জিএম ইশান বলেন, গুলির শব্দ শুনে তারা এগিয়ে গিয়ে দেখেন রাকিব মাটিতে লুটিয়ে পড়ে আছেন। পরে আশপাশের লোকজনের সহায়তায় তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
আহতের আরেক বন্ধু মোঃ রনি বলেন, রাকিবের মাথায় গুলির আঘাতের পাশাপাশি শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের কোপের চিহ্ন রয়েছে। ঘটনাস্থলে উপস্থিত লোকজন দৌড়ে গিয়ে সন্দেহভাজন এক যুবককে ধরে ফেলে এবং পরে তাকে পুলিশের হাতে তুলে দেয়।
শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ মিঠু ফকির বলেন, এই হামলার নেপথ্যের কারণ উৎঘাটন করতে তাকে নিবিড় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে পুরো ঘটনাটি খতিয়ে দেখছেন। তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক।
দৈনিক আস্থা/এমএইচ


















