স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক বাতিল: বিরোধিতার মধ্যেই সংসদে বিল পাস
- আপডেট সময় : ০৮:৩৮:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
- / ১০০৯ বার পড়া হয়েছে
স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক বাতিল: বিরোধিতার মধ্যেই সংসদে বিল পাস
আস্থা ডেস্কঃ
স্থানীয় সরকার নির্বাচনে আর দলীয় প্রতীক থাকছে না। বৃহস্পতিবার সংসদ অধিবেশনে ‘স্থানীয় সরকার (পৌরসভা) (সংশোধন) বিল, ২০২৬’ পাস হয়েছে। অধিবেশনে বিলটি উত্থাপন করেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
বিলটি সংসদে উত্থাপনের বিরোধিতা করেন পাবনা-১ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য ব্যারিস্টার নাজিব মোমেন। পরে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বিলটি ভোটে দিলে বিরোধী দলের সদস্যের আপত্তি নাকচ হয়ে যায় এবং কণ্ঠভোটে পাস হয়। এরপর বিল পাসের প্রতিবাদে সংসদ থেকে ওয়াকআউট করেন জামায়াত ও এনসিপিসহ বিরোধী দলের সংসদ সদস্যরা।
মীর শাহে আলম বলেন, আইনটি আজকে পাস হয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে যাওয়ার সাথে সাথে দ্রুততম সময়ের মধ্যে স্থানীয় সরকারের এই সব প্রতিষ্ঠানে নির্বাচন দেওয়া হবে। এই আইনের মধ্যে আরেকটি বিষয় রয়েছে, তা হলো— দলীয় প্রতীকে যে নির্বাচন হতো, এই আইনের মাধ্যমে জাতীয় এবং দলীয় প্রতীক বাতিল করে সাধারণ প্রতীকে নির্বাচনের ব্যবস্থা করা আছে। এই কারণে আইনটি পাস করা অত্যন্ত জরুরি।
প্রতিমন্ত্রী বলেন, স্থানীয় সরকার নির্বাচনে রাজনৈতিক দলের ব্যানারে দলীয় মনোনয়নে নির্বাচন না করার স্বার্থে স্থানীয় সরকার পৌরসভা সংশোধন অধ্যাদেশ ২০২৫ জারি করা হয়। বিলটি সংসদে পাস না হলে আসলে কারা আবার ক্ষমতায় ফিরে আসবে, এটা কিন্তু বিবেচনার বিষয়। উনারা কাদেরকে আবার ক্ষমতায় ফিরিয়ে আনতে চাচ্ছে?
তিনি বলেন, রক্তপিপাসু জুলাই-আগস্ট আন্দোলনে যারা পুলিশের সাথে আমাদের ওপর হামলা করেছে, অস্ত্র ব্যবহার করেছে, হামলায় যারা আমাদের বিপক্ষে অবস্থান নিয়েছিল সেই সব জনপ্রতিনিধি—এই আইনটি পাস না হলে আবার তারা পৌরসভার মেয়র এবং কাউন্সিলর পদে ফিরে আসবে। এই কারণেই এই অধ্যাদেশটি করে নির্বাচন বাতিল করা হয়েছে এবং এই জায়গাগুলোতে প্রশাসক নিয়োগ করা হয়েছে।
দৈনিক আস্থা/এমএইচ













