হেবাং রেস্টুরেন্টে হামলার প্রতিবাদ জানিয়েছে ঢাকাস্থ পার্বত্য চট্টগ্রাম সমিতি
- আপডেট সময় : ১১:৪০:২৯ অপরাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫
- / ১৫৭৯ বার পড়া হয়েছে
হেবাং রেস্টুরেন্টে হামলার প্রতিবাদ জানিয়েছে ঢাকাস্থ পার্বত্য চট্টগ্রাম সমিতি
মোফাজ্জল হোসেন ইলিয়াছঃ
রাজধানী ঢাকার মিরপুরে সাম্প্রতিক খাগড়াছড়ির বাসিন্দা চাকমা জাতির ৪ বোনের সম্মিলিত উদ্যোগে গড়ে তোলা জনপ্রিয় হেবাং রেস্টুরেন্টে হামলার ঘটনায় প্রতিবাদ ও গভীর উদ্বেগ জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম সমিতি, ঢাকা।
সোমবার (৪ আগস্ট ২০২৫) এক বিবৃতিতে পার্বত্য চট্টগ্রাম সমিতি, ঢাকা-এর পক্ষে সভাপতি যে এইচ এম ফারুক, সিনিয়র সহ-সভাপতি মিতায়ন চাকমা এবং সাধারণ সম্পাদক আলমগীর হোসেন ভূঁইয়া এ প্রতিবাদ ও উদ্বেগ জানান।
পার্বত্য চট্টগ্রাম সমিতি, ঢাকা প্রচার সম্পাদক আল আমিন আহমেদ স্বাক্ষরিত বিবৃতিতে সমিতির নেতারা বলেন- সারা পৃথিবীতে একেকটা জাতির খাদ্যাভাস, ভাষা, ধর্ম, সংস্কৃতি, ঐতিহ্য একেক রকম এবং স্পষ্টত ভিন্নতা রয়েছে। তেমনি ভাবে পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন জনজাতিরও রয়েছে।
পার্বত্য চট্টগ্রামে মানুষ রাজধানী ঢাকাতেও বসবাস করেন। বিভিন্ন জনজাতির তাদের নিজস্ব খাদ্যাভাসও আলাদা হওয়ায় নিজস্ব কালচারে মিরপুরে একটি রেস্টুরেন্ট গড়ে তোলা হয়েছে। কিন্তু সাম্প্রতিক (২৬ জুলাই) তিলে তিলে গড়ে হেবাং রেস্টুরেন্টে হামলা চালিয়েছে স্থানীয় কিছু উৎশৃঙ্খল যুবক। এতে করে ব্যবসা প্রতিষ্ঠানটি ক্ষতির সম্মুখীন হয়েছে।
হামলাকারিদের অভিযোগ রেস্টুরেন্টটিতে উদ্যোক্তাদের নিজস্ব কালচার অনুযায়ী বিভিন্ন খাবার রান্না করায় স্থানীয়দের সমস্যা হচ্ছে।
পার্বত্য চট্টগ্রাম সমিতি ঢাকা মনে করে, এটি কোনো অভিযোগ হতে পারে না। কেন না- কোনো জাতির নিজস্ব খাদ্যাভাস নিয়ে সমালোচনা করা চরম অসভ্যতা। তাদের খাদ্যাভাস, ভাষা, ধর্ম, সংস্কৃতি, ঐতিহ্য নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য এবং হেনস্তা করা মোটেও যুক্তিসংগত নয়। এগুলো অতিরঞ্জিত, হিংসাত্মকমূলক।
এ ঘটনায় দোষীদের বিষয়ে রাষ্ট্রীয় ভাবে শাস্তির দাবি জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম সমিতি, ঢাকা। পাশাপাশি এমন ঘটনার পুনরাবৃত্তি যেনো না হয় সেজন্য রাষ্ট্রকে ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছে বিবৃতিতে।
পার্বত্য চট্টগ্রাম সমিতি, ঢাকা-এর নেতৃবৃন্দ স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, ঢাকায় বসবাসরত পাহাড়বাসী সকল জন জাতির যে কোনো সমস্যায়-বিপদে পাশে থাকতে অঙ্গীকারাবদ্ধ সংগঠনটি। (প্রেস বিজ্ঞপ্তি)















