১৬ মাসে ৫৬০ হয়রানি, ১১৪৪ সাংবাদিক আক্রান্ত
- আপডেট সময় : ১১:৩৬:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬
- / ১০০৮ বার পড়া হয়েছে
১৬ মাসে ৫৬০ হয়রানি, ১১৪৪ সাংবাদিক আক্রান্ত
স্টাফ রিপোর্টারঃ
বাংলাদেশে গত ১৬ মাসে গণমাধ্যমকর্মীদের বিরুদ্ধে উদ্বেগজনক হারে হয়রানির ঘটনা ঘটেছে। ২০২৪ সালের আগস্ট থেকে ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত সময়ে মোট ৫৬০টি হয়রানির ঘটনা নথিভুক্ত হয়েছে, যেখানে ১ হাজার ১শ ৪৪ জন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী নানাভাবে নির্যাতন ও হয়রানির শিকার হয়েছেন।
২ ফেব্রুয়ারি সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ কতৃক প্রকাশিত এক তথ্যে ে সংখ্যা জানানো হয়েছে।
সংগঠনটির মতে, শারীরিক হামলা, হুমকি, মিথ্যা মামলা, পেশাগত কাজে বাধা, সরঞ্জাম ভাঙচুর ও অনলাইন হয়রানিসহ বিভিন্ন উপায়ে সাংবাদিকদের লক্ষ্যবস্তু করা হয়েছে। সেলের নেতারা জানিয়েছেন মাঠপর্যায়ে অনুসন্ধানী প্রতিবেদন করতে গিয়ে এবং ক্ষমতাসীন বা প্রভাবশালী মহলের অনিয়ম তুলে ধরার সময় এসব ঘটনার বড় অংশ ঘটেছে বলে জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, এসব ঘটনার কারণে অনেক সাংবাদিক পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন। বিশেষ করে স্থানীয় পর্যায়ে কর্মরত সাংবাদিকরা তুলনামূলক বেশি ঝুঁকির মুখে রয়েছেন। অনেক ক্ষেত্রে হামলার শিকার হলেও ন্যায়বিচার পাওয়া বা কার্যকর তদন্তের অগ্রগতি দৃশ্যমান নয় বলেও অভিযোগ রয়েছে।
সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশের সহকারী পরিচালক (আইন) মোহাম্মদ আলী আবির বলেন, গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। তারা হামলা ও হয়রানির ঘটনায় দ্রুত তদন্ত, দোষীদের বিচারের আওতায় আনা এবং সাংবাদিক সুরক্ষা আইন কার্যকরের দাবি জানিয়েছেন।
বিশ্লেষকদের মতে, সাংবাদিকদের ওপর ধারাবাহিক চাপ ও ভয়ভীতি স্বাধীন সাংবাদিকতার পরিবেশকে সংকুচিত করে। ফলে তথ্যপ্রবাহ বাধাগ্রস্ত হওয়ার পাশাপাশি গণতান্ত্রিক কাঠামোর স্বচ্ছতাও ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়।














