চট্টগ্রামে “সিপ্লাস টিভি” ও “সিভিশন টিভি” অনলাইন টিভি সিলগালা, মালামাল জব্দ
- আপডেট সময় : ০৮:৪৬:২৭ অপরাহ্ন, রবিবার, ২৫ জুন ২০২৩
- / ১০৬০ বার পড়া হয়েছে
চট্টগ্রামে “সিপ্লাস টিভি” ও “সিভিশন টিভি” অনলাইন টিভি সিলগালা, মালামাল জব্দ
আতিকুর রহমান/চট্টগ্রাম প্রতিনিধিঃ
চট্টগ্রামের দুইটি জনপ্রিয় অনলাইন টিভি ‘ সিপ্লাস টিভি’ ও ‘সিভিশন টিভি’র অফিস সিলগালা করে দেওয়া হয়েছে।
পরিচালনার জন্য বৈধ লাইসেন্স না থাকায়, দুপুর ৩ টার বাজে অভিযান পরিচালনা করে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
পুলিশ ও অন্যান্য কর্তৃপক্ষের সহযোগিতায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের সিনিয়র নির্বাহী ম্যাজিস্ট্রেট এহসান মুরাদ।
অভিযান শেষ করে গণমাধ্যমকে এহসান মুরাদ বলেন, ‘দীর্ঘদিন ধরে নিয়ম-নীতি লঙ্ঘন করে সিপ্লাস ও সিভিশন কার্যক্রম চালাচ্ছিল। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রয়োজনীয় লাইসেন্স, অনুমোদন বা ছাড়পত্র না নিয়েই তারা অনলাইনে অনুষ্ঠান ও খবর প্রচার করছে। তারা আমাদের কোনো লাইসেন্স বা কোন ছাড়পত্র দেখাতে পারেনি।’ দীর্ঘ দিন ধরে তারা অনুমোদনহীনভাবে পরিচালনা করে আসছেন।
তিনি বলেন, ‘আমরা ক্রমান্বয়ে চট্টগ্রামের অন্যান্য আইপিটিভি অফিসেও মোবাইল কোর্ট পরিচালনা করব।’
আইনত, আইপিটিভি সংবাদ সম্প্রচার করতে পারে না। জাতীয় অনলাইন গণমাধ্যম নীতি ২০১৭ (২০২০ সালে সংশোধিত) অনুযায়ী, আইপিটিভি শুধুমাত্র বিনোদন বা তথ্যভিত্তিক অনুষ্ঠান সম্প্রচার করতে পারে।























