বাংলাদেশ থেকে ভিসা আবেদন নিচ্ছে দক্ষিণ কোরিয়া
- আপডেট সময় : ০৭:৪০:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ৮ ফেব্রুয়ারী ২০২১
- / ১০৬২ বার পড়া হয়েছে
অনলাইন ডেস্ক:
মহামারি পরিস্থিতির উন্নতি হওয়ায় ৮ ফেব্রুয়ারি সোমবার থেকে ঢাকায় ভিসা আবেদন নেয়া শুরু করছে দক্ষিণ কোরিয়া। বাংলাদেশে প্রায় আট মাস ভিসা আবেদন নেয়া বন্ধ থাকার পর রোববার ঢাকায় দক্ষিণ কোরিয়া দূতাবাস এ তথ্য জানায়।
গবেষক ও শিক্ষার্থীদের মতো দীর্ঘমেয়াদি (৯০ দিনের বেশি) ভিসাপ্রত্যাশীরা এ সুযোগ পাবেন।পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জানান, দক্ষিণ কোরিয়া আজ থেকে বাংলাদেশি শিক্ষার্থীসহ অন্যান্য ক্যাটাগরিতে আবার ভিসা আবেদন নেয়া শুরু করবে।
দক্ষিণ কোরিয়া দূতাবাস জানায়, কোভিড-১৯ নেগেটিভ সনদ নিয়ে বাংলাদেশ থেকে দক্ষিণ কোরিয়ায় যাওয়া ব্যক্তিদের কয়েকজনের কোভিড-১৯ শনাক্ত হয়েছিল। এর পরিপ্রেক্ষিতে ২০২০ সালের ২৩ জুন দক্ষিণ কোরিয়া সরকার বাংলাদেশের নাগরিকদের জন্য নতুন ভিসা দেয়া স্থগিত করে। তবে যাদের কোরিয়ার ভিসা ছিল তারা কোনো বাধা ছাড়াই দক্ষিণ কোরিয়ায় ঢুকতে পেরেছে।
দূতাবাস আরো জানায়, বাংলাদেশে কোভিড-১৯ পরিস্থিতির উন্নতি হয়েছে। গত কয়েক সপ্তাহে দক্ষিণ কোরিয়ায় যাওয়া বাংলাদেশিদের মধ্যে কোভিড-১৯ শনাক্তের হার কম। এসব বিষয় বিবেচনায় নিয়ে বাংলাদেশে আবারও ভিসাপ্রক্রিয়া চালু করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
























