জ্বালানির দাম বাড়ানো ‘‘মরার ওপর খাঁড়ার ঘা’’: শফিকুর রহমান
- আপডেট সময় : ০১:৪৮:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
- / ১০২৯ বার পড়া হয়েছে
জ্বালানির দাম বাড়ানো ‘‘মরার ওপর খাঁড়ার ঘা’’: শফিকুর রহমান
আস্থা ডেস্কঃ
জ্বালানি তেলের দাম বাড়ানোর সরকারি সিদ্ধান্তের সমালোচনা করেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি বলেছেন, এমন সময়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যখন মানুষ আগেই জীবনযাত্রার ব্যয়ের চাপে হাঁসফাঁস করছে।
শনিবার রাতে সরকারের ঘোষণার পরপরই নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি বলেন, ‘বিশ্ববাজারে যখন জ্বালানি তেলের দাম কমে আসছে, তখন বাংলাদেশে দর সমন্বয়ের নামে আগামীকাল থেকে জ্বালানি তেলের দাম বাড়ানোর ঘোষণা দেওয়া হয়েছে। এটি খুবই দুঃখজনক।’
জামায়াত আমির বলেন, মানুষের জীবনযাত্রার ব্যয় এমনিতেই বেড়ে গেছে। এর মধ্যে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি পরিস্থিতিকে আরও কঠিন করে তুলবে। তিনি বলেন, ‘’জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির কারণে এটি হবে মরার ওপর খাঁড়ার ঘা”।
এর আগে সরকার সব ধরনের জ্বালানি তেলের নতুন মূল্য নির্ধারণ করে, যা শনিবার রাত ১২টার পর থেকে কার্যকর হয়।
গত ১ ফেব্রুয়ারির নির্ধারিত দামের তুলনায় এবার সব ধরনের জ্বালানি তেলের দাম ১০ শতাংশের বেশি বাড়ানো হয়েছে। লিটারপ্রতি ডিজেলের দাম বেড়েছে ১৫ টাকা, অকটেন ২০ টাকা, পেট্রল ১৯ টাকা ও কেরোসিন ১৮ টাকা।
দৈনিক আস্থা/এমএইচ



















