মাদকের বিরুদ্ধে অবস্থান: মিথ্যা মামলা ও হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
- আপডেট সময় : ০১:২৬:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
- / ১০২৫ বার পড়া হয়েছে
মাদকের বিরুদ্ধে অবস্থান: মিথ্যা মামলা ও হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
স্টাফ রিপোর্টার
মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধের বিরুদ্ধে কথা বলার কারণে মিথ্যা মামলা ও হয়রানির অভিযোগ এনে গাজীপুরের শ্রীপুরে সংবাদ সম্মেলন করেছে ভূক্তভোগী মোঃ খাইরুল ইসলাম।
সোমবার (২২ জুন/২৬) বিকাল সাড়ে ৩টার দিকে শ্রীপুর প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্টিত হয়। সে শ্রীপুর পৌরসভার ৭ নং ওয়ার্ডের মোঃ মোসলেম উদ্দিনের ছেলে।
লিখিত বক্তব্যে খাইরুল ইসলাম অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে তিনি স্থানীয়ভাবে মাদকবিরোধী অবস্থান গ্রহণ করে আসছেন এবং প্রশাসনকে তথ্য দিয়ে সহযোগিতা করছেন। এতে ক্ষুব্ধ হয়ে একটি প্রভাবশালী চক্র তার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে।
তিনি দাবি করেন, চিহ্নিত মাদক কারবারি মোহাম্মদ আল-আমিন (পিতা: মৃত মোঃ হাসেম মৃধা) ও তার সহযোগীরা তাকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন ও হয়রানি করার উদ্দেশ্যে গাজীপুর আদালতে একটি মিথ্যা ও ভিত্তিহীন মামলা দায়ের করেছে বলে তিনি জানতে পেরেছেন। উক্ত মামলার অভিযোগের সাথে আমার কোনো সম্পৃক্ততা নেই। শুধুমাত্র মাদকবিরোধী অবস্থান নেওয়ার কারণে আমাকে টার্গেট করা হয়েছে।”
তিনি আরও অভিযোগ করেন, একটি কুচক্রী মহল তাকে ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে মাদকবিরোধী কর্মকাণ্ড থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে।
এসময় তিনি প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি চার দফা দাবি করেন।
১. তার বিরুদ্ধে দায়েরকৃত মামলার নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করা।
২. মিথ্যা মামলা ও হয়রানির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ।
৩. এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত প্রকৃত অপরাধীদের গ্রেপ্তার ও আইনের আওতায় আনা।
৪. তার ও তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা।
দৈনিক আস্থা/এমএইচ


















