সারা দেশে উড়ছে কালেমা লেখা সংবলিত সাদা-কালো পতাকা
- আপডেট সময় : ১২:২৪:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬
- / ১০১৫ বার পড়া হয়েছে
সারা দেশে উড়ছে কালেমা আরবি লেখা সংবলিত সাদা-কালো পতাকা
আস্থা ডেস্কঃ
রাজধানীর মোহাম্মদপুরের শিয়া মসজিদ মোড় থেকে তাজমহল রোড হয়ে জেনেভা ক্যাম্প, গাবতলী, মিরপুর, যাত্রাবাড়ী, শনির আখড়াসহ বেশ কয়েকটি এলাকায় আরবি লেখাসংবলিত সাদা-কালো পতাকা উড়তে দেখা গেছে।
শুধু ঢাকা নয়, ঢাকার বাইরে নারায়ণগঞ্জ, ফেনী ও চট্টগ্রামসহ বিভিন্ন সড়ক, ফ্লাইওভার এবং জনবহুল এলাকাতেও সাদা-কালো পতাকা উড়তে দেখা গেছে। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও সংবাদমাধ্যমে ব্যাপক আলোচনা চলছে।
তবে এসব পতাকা কারা লাগাচ্ছেন বা এর নেপথ্যে কোনো উদ্দেশ্য আছে কিনা, সে বিষয়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে কোনো তথ্য নেই।
শনিবার (২৭ জুন) সকালে মোহাম্মদপুরের তাজমহল রোডের লার্জ ফার্মার সামনে এ ধরনের পতাকা দেখা যায়। সেখানে দায়িত্বরত নিরাপত্তাকর্মীও জানাতে পারেননি, কারা কখন পতাকাগুলো টাঙিয়ে গেছেন।
কিছুদূর সামনে ডানদিকে ‘মিস্টার বেকার’-এর আউটলেটের সামনেও একই ধরনের পতাকা উড়তে দেখা যায়। আউটলেটটির কর্মীরাও পতাকার বিষয়ে কিছু জানেন না বলে জানান। কেউ কিছু না জানলেও মোহাম্মদপুরের বিভিন্ন এলাকাজুড়েই এমন পতাকা দেখা গেছে।
সামাজিক যোগাযোগমাধ্যমেও এমন পতাকা টাঙানোর ছবি প্রায়ই দেখা যাচ্ছে। হঠাৎ করে এ ধরনের পতাকা কারা ও কেন ওড়াচ্ছেন, সে বিষয়ে আইন-শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারাও নিশ্চিত করে কিছু বলতে পারছেন না।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) ইবনে মিজান বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
ডিএমপির মোহাম্মদপুরের জোনের এডিসি জুয়েল রানা বলেন, তিনি মাত্রই বিষয়টি শুনলেন। খোঁজখবর নিয়ে বিস্তারিত জানাতে পারবেন।
মোহাম্মদপুর, গাবতলী, রাজধানীর টেকনিক্যাল মোড় থেকে মিরপুর-১, যাত্রাবাড়ী ও শনির আখড়া, সাভারের বিভিন্ন সড়কেও দেখা গেছে এমন সাদা-কালো পতাকা।
গতকাল শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর কাকরাইল মসজিদ-সংলগ্ন সড়কেও এমন একটি শোডাউন দেখা গেছে। এতে মোটরসাইকেলে করে অংশ নিয়েছেন প্রায় অর্ধশত যুবক। তাদের হাতে দেখা গেছে এমন আরবি লেখা সম্বলিত সাদা পতাকা। তবে তারা দ্রুত বাইক চালিয়ে গুলিস্তানের দিকে চলে যাওয়ায় তাদের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।
এ ছাড়া নারায়ণগঞ্জ-ঢাকা সংযোগ সড়কের শিবু মার্কেট এলাকার ওভারপাসের বৈদ্যুতিক খুঁটিতে সাদা পতাকা উড়তে দেখা গেছে। সড়কের দুই পাশে একশটির বেশি পতাকা লাগানো হয়েছে। শিবু মার্কেট এলাকার এক দোকানি নাম প্রকাশ না করার শর্তে বলেন, গত বুধবার রাতে মাদ্রাসার কিছু ছাত্র এসে আরবি হরফে কালিমাখচিত সাদা পতাকাগুলো সড়কের মাঝখানের লাইটপোস্টে টাঙিয়ে দিয়ে যায়। সড়ক পরিচ্ছন্নতাকর্মীরাও একই ধরনের তথ্য জানান।
নারায়ণগঞ্জের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী বলেন, ‘এ বিষয়টি আমার নলেজে নেই। আমি খোঁজ খবর নিয়ে দেখছি।’
সাদা পতাকা টাঙানোর বিষয়টি তদন্ত করে দেখার পাশাপাশি এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য আছে কিনা, তাও খতিয়ে দেখার কথা জানিয়ে নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বলেন, ‘ফুটবল বিশ্বকাপ চলায় দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন দেশের পতাকা টাঙানোর বিষয়টি দেখা যাচ্ছে। তবে সাদা কাপড়ে কালিমা লেখা পতাকা লাগানোর বিষয়টি আমাদের নজরে আগে আসেনি। বিষয়টি তদন্ত করে দেখা হবে এবং কারা, কী উদ্দেশ্যে এগুলো লাগিয়েছে, তা জানার চেষ্টা করা হবে।’
এ ছাড়া চট্টগ্রামের হাটহাজারীতে এ পতাকা নিয়ে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল হয়েছে। যাত্রাবাড়ী ফ্লাইওভার থেকে পতাকা খুলে নেওয়ার প্রতিবাদে গত ১৯ জুন জুমার নামাজের পর হাটহাজারীতে বিক্ষোভ অনুষ্ঠিত হয়। সেখানেও ছিল সাদা-কালো পতাকা। এ ঘটনার পর হাটহাজারীসহ চট্টগ্রামের বিভিন্ন এলাকায় একই ধরনের পতাকা দেখা যাচ্ছে। এ ছাড়া পাবনা, যশোরসহ আরও বেশ কয়েকটি জেলায় এ ধরনের সাদা পতাকা নিয়ে প্রতিবাদ মিছিল হয়েছে।
দৈনিক আস্থা/এমএইচ



















