জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে কিশোর আটক
- আপডেট সময় : ১০:৪৬:২৮ পূর্বাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬
- / ১০১৫ বার পড়া হয়েছে
জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে কিশোর আটক
স্টাফ রিপোর্টারঃ
নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন নব্য জেএমবি-এর সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে এক কিশোরকে হেফাজতে নিয়েছে পুলিশ। আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, সে অনলাইনের মাধ্যমে উগ্রবাদে জড়িত ছিল এবং বিভিন্ন স্থানে হামলার পরিকল্পনা ও উসকানিতে যুক্ত ছিল।
শুক্রবার (৩ এপ্রিল) ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
ডিএমপি সূত্রে জানা গেছে, কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের একটি দল বৃহস্পতিবার হবিগঞ্জ সদর এলাকায় অভিযান চালিয়ে কিশোরটিকে আটক করে। পরে তাকে আইন অনুযায়ী ‘শিশু’ হিসেবে আদালতে পাঠানো হয়েছে, কারণ তার বয়স আনুমানিক ১৬ বছর।
পুলিশের ভাষ্য অনুযায়ী, কিশোরটি অনলাইনে সক্রিয় থেকে ইসলামিক স্টেট-সমর্থিত উগ্রবাদী কনটেন্ট প্রচার এবং সদস্য সংগ্রহের কাজে যুক্ত ছিল। পাশাপাশি বোমা তৈরির পদ্ধতি সংবলিত পিডিএফ ছড়ানো এবং ঘনিষ্ঠ সহযোগীদের মাধ্যমে শিয়া মসজিদ, পুলিশের চেকপোস্ট ও ইসকন মন্দিরে হামলার পরিকল্পনা ও উসকানি দেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
এই ঘটনায় আগে রাজধানীর জিয়া উদ্যান এলাকা থেকে আটক হওয়া আহসান জহির খানসহ কয়েকজনের সঙ্গে কিশোরটির যোগাযোগ ছিল বলে জানিয়েছে পুলিশ। ওই মামলার সূত্র ধরেই তাকে আটক করা হয়।
আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, সাম্প্রতিক রাজনৈতিক পটপরিবর্তনের পর নব্য জেএমবি সংশ্লিষ্টতার অভিযোগে এটিই প্রথম কোনো আটক ঘটনা।
উল্লেখ্য, বাংলাদেশে অতীতে সালাফি মতাদর্শভিত্তিক আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট-এর অনুসারীদের ‘নব্য জেএমবি’ হিসেবে চিহ্নিত করা হয়েছিল। একই গোষ্ঠীকে র্যাব ‘তামিম-সারওয়ার গ্রুপ’ নামেও উল্লেখ করে আসছে।
এ ঘটনায় তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। (সূত্র-শীর্ষ নিউজ)।
দৈনিক আস্থা/এমএইচ



















