পাবনায় চেক জালিয়াতির ওয়ারেন্টভুক্ত এনসিপির কেন্দ্রীয় নেতা আটক
- আপডেট সময় : ০৪:৩১:২৬ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬
- / ১০০৭ বার পড়া হয়েছে
পাবনায় চেক জালিয়াতির ওয়ারেন্টভুক্ত এনসিপির কেন্দ্রীয় নেতা আটক
আস্থা ডেস্কঃ
চেক জালিয়াতির মামলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুব সংগঠন যুবশক্তির কেন্দ্রীয় নেতাকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টার দিকে পাবনার গ্রামের বাড়ি থেকে তাকে আটক করা হয়। আটককৃত মোঃ আসাদুল্লাহ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুব সংগঠন যুবশক্তির কেন্দ্রীয় যুগ্ম-আহ্বায়ক। সুজানগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মজিবর রহমান আটকের সত্যতা নিশ্চিত করেছেন।
আটক আসাদুল্লাহ সুজানগর উপজেলার হাটখালী ইউনিয়নের সৈয়দপুর গ্রামের আকমল শিকদারের ছেলে।
আসাদের পরিবার জানায়, নির্বাচনের পর রাতে ছাত্রদল ও বিএনপির নেতাকর্মীরা তাদের বাসায় যায় এবং তার বাবার গায়ে রং ঢেলে দেয়। আসাদের গায়েও রং দেয়। এর প্রতিবাদ করলে ছাত্রদল এবং বিএনপির নেতাকর্মীরা তার উপর আক্রমণ করে। এরপর পুরনো মামলায় তাকে হেনস্তা করার উদ্দেশ্য পুলিশ ডেকে আটক করায়। আমরা তার দ্রুত মুক্তি দাবি করছি।
সুজানগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মজিবর রহমান বলেন, ২০২৪ সালের একটি অর্থঋণ মামলায় তাকে আটক করা হয়েছে। তিনি ওই মামলার ওয়ারেন্টভুক্ত আসামী। গোপন সংবাদ পেয়ে তাকে আটক করে আদালতে পাঠানো হয়েছে। আসাদুল্লাহ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে প্রচারণার জন্য পাবনা-২ আসনে এনসিপির অ্যাম্বাসেডর ছিলেন।



















