বাগেরহাটের রামপালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে বর–কনেসহ নিহত ১৩
- আপডেট সময় : ১১:১১:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
- / ১০০০ বার পড়া হয়েছে
বাগেরহাটের রামপালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে বর–কনেসহ নিহত ১৩
সাজ্জাদ রায়হানঃ
বাগেরহাট জেলার রামপালে সড়ক দুর্ঘটনায় অন্তত ১৩ জন প্রাণ হারিয়েছেন বলে খবর পাওয়া গেছে। আজ (১২ মার্চ) বৃহস্পতিবার বিকেল ৫ টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, খুলনা-মোংলা মহাসড়কের গুনাই ব্রিজ এলাকায় নৌ বাহিনীর গাড়ির সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ১৩ জন নিহত হয়েছে। নিহত ব্যক্তিদের মধ্যে ৪ জনের মরদেহ রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং ৯ জনের মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
নিহত কনে মার্জিয়া আক্তারের (মিতু) মামা আবু তাহের দৈনিক আস্থাকে বলেন, খুলনার কয়রা উপজেলার নাকশায় আজ বৃহস্পতিবার দুপুরে তাঁর ভাগনির (মার্জিয়া) বিয়ে হয়। মার্জিয়ার শ্বশুরবাড়ি মোংলার শেলাবুনিয়ার উদ্দেশ্যে রওনা হলে বরযাত্রী বহন করা মাইক্রোবাসটি খুলনা-মোংলা মহাসড়কের গুনাই ব্রিজ এলাকায় নৌ বাহিনীর গাড়ির সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে মার্জিয়া, তাঁর বোন লামিয়া ও নানী এবং বর সহ আরও ৯ জন মারা গেছে।
মোংলা পৌর বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম-আহ্বায়ক খোরশেদ আলম বলেন, মোংলা পৌরসভার ৮নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাকের ছোট ছেলে সাব্বিরের বিয়ে শেষে ছেলে-পুত্রবধূ নিয়ে মোংলায় বাড়িতে আসছিলেন। পথে ওই দুর্ঘটনা ঘটে। এতে আব্দুর রাজ্জাক, তাঁর ছেলে–পুত্রবধূ, মেয়েসহ ৮জন, মাইক্রোবাসের চালক ও কনে পক্ষের লোকসহ মোট ১৩ জন মারা গেছেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুকান্ত কুমার পাল বলেন, দুর্ঘটনায় নিহত চারজনের মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়ে ছিলো। আহত কয়েকজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মেহেনাজ মোশাররফ বলেন, সন্ধ্যা ছয়টা পর্যন্ত হাসপাতালে ৮ জনের মরদেহ এসেছে। এর মধ্যে ৩ জন শিশু, ৩ জন নারী আর ২ জন পুরুষ। আরেক জনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছিল। তিনিও মারা গেছেন।
কাটাখালী হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) কে এম হাসানুজ্জামান বলেন, নৌবাহিনীর যাত্রীবাহী বাসটি খুলনার দিকে যাচ্ছিল। আর যাত্রীবাহী মাইক্রোবাসটি ছিল মোংলা অভিমুখে। পথিমধ্যে বেলাইব্রিজ এলাকায় দুটি যানবাহনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়।
দৈনিক আস্থা/এমএইচ


















