বিও হিসাব জব্দের নির্দেশ সেই আবেদ আলীর
- আপডেট সময় : ১১:২৫:৪০ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬
- / ১০১৪ বার পড়া হয়েছে
বিও হিসাব জব্দের নির্দেশ সেই আবেদ আলীর
স্টাফ রিপোর্টারঃ
বাংলাদেশ সরকারি কর্মকমিশনের (পিএসসি) সাবেক গাড়ি চালক সৈয়দ আবেদ আলীসহ সংশ্লিষ্টদের ৫ টি বেনিফিশিয়াল ওনার্স অ্যাকাউন্ট বা বিও হিসাব অবরুদ্ধ করার নির্দেশ দিয়েছে আদালত।
আজ রোববার (৫ এপ্রিল) ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মোঃ সাব্বির ফয়েজ এ নির্দেশ দেন।
আদালতের বেঞ্চ সহকারী মোৌ রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, আবেদ আলীর মানি লন্ডারিং-সংক্রান্ত অভিযোগের অনুসন্ধানের স্বার্থে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) আবেদনের পরিপ্রেক্ষিতে এই বিও হিসাবগুলো অবরুদ্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে।
সিআইডির সাইবার ইনভেস্টিগেশনস অ্যান্ড অপারেশনস ইউনিটের অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার সুমন কুমার সাহা এই আবেদন করেন।
প্রসঙ্গত, ২০২৪ সালের ৮ জুলাই বিসিএসের পরীক্ষাসহ ৩০টি নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে আবেদ আলীকে গ্রেপ্তার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। পরে গত বছরের ৫ জানুয়ারি তার বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলা করে দুদক।
গত বছরের ৯ ফেব্রুয়ারি আবেদ আলীর দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়; ৭ এপ্রিল তার ১৪টি ব্যাংক হিসাব অবরুদ্ধ এবং ঢাকা ও মাদারীপুরের বিভিন্ন মৌজায় থাকা ২০টি দলিলের জমি ক্রোক করার নির্দেশ দেওয়া হয়।
দৈনিক আস্থা/এমএইচ













