ভোটের দিন দেশে আসতে পারছেন না আনসারী
- আপডেট সময় : ০৯:৩৬:০৫ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬
- / ১০৭৩ বার পড়া হয়েছে
ভোটের দিন দেশে আসতে পারছেন না আনসারী
স্টাফ রিপোর্টারঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ছুটি না পাওয়ায় ভোটের দিন বাংলাদেশে আসতে পারছেন না মেক্সিকোতে নিযুক্ত রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, ভোটাধিকার প্রয়োগের জন্য স্বশরীরে দেশে উপস্থিত হতে ছুটির আবেদন করেছিলেন রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী। তবে পররাষ্ট্র উপদেষ্টা সেই আবেদন অনুমোদন করেননি। ফলে তিনি নির্বাচনে অংশ নিতে পারছেন না।
মুশফিকুল ফজল আনসারী বর্তমানে সরকারের সিনিয়র সচিব পদমর্যাদায় মেক্সিকোতে রাষ্ট্রদূতের দায়িত্বে রয়েছেন। পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ থাকলেও তিনি তা গ্রহণ না করে দেশে এসে সরাসরি ভোট দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
বৃহস্পতিবার রাতে নিজের ভ্যারিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে মুশফিকুল ফজল আনসারী বলেন, “অধিকার পুনরুদ্ধারের সংগ্রামে আমি টানা দেড় দশক পথ হেঁটেছি। ইতিহাস সাক্ষী, গণতন্ত্র কখনো দয়া ভিক্ষা করে ফিরে আসে না; গণতন্ত্র ফিরে আসে মানুষের অদম্য সাহস আর ত্যাগের বিনিময়ে। অনেকে জানতে চাইছেন, ভোটের এই ঐতিহাসিক মাহেন্দ্রক্ষণে আমি কি আসছি? এর উত্তর—না। পারছিনা ভোট উৎসবে শামিল হতে। স্বশরীরে ভোট দিবো বলে রেজিস্ট্রেশন করিনি পোস্টাল ব্যালটে। আমি চাইলে ছুটি-ছাটার তোয়াক্কা না করে ভোটের আগে হাজির হতে পারি এবং সেই সিদ্ধান্ত নেয়ার সক্ষমতা সম্পর্কে আমার বন্ধুরা ভালোভাবেই অবগত। কিন্তু আমি কাউকে বিব্রত করতে চাই না এবং চাপের মুখেও ফেলতে চাই না।”
পোস্টে তিনি আরও লেখেন, একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন দেশের মানুষের মৌলিক দাবি। জনগণের রায়ের মধ্য দিয়েই আগামী দিনের নেতৃত্ব নির্ধারিত হবে বলেও উল্লেখ করেন তিনি।
রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী জানান, দেশের মানুষের মতো তিনিও নির্বাচনের দিনটির জন্য অপেক্ষা করছেন এবং জনগণের প্রত্যাশিত রায়ের দিকে তাকিয়ে আছেন।




















