মনের মানুষ খুঁজছেন অধরা
- আপডেট সময় : ০৫:১২:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারী ২০২১
- / ১০৬৮ বার পড়া হয়েছে
বিনোদন ডেস্ক:
শখের বসে কয়েকটি ফটোশুট করিয়েছিল মেয়েটি। ছবিতে একের পর এক দারুণ সব কমেন্টস তাকে নায়িকা হওয়ার ব্যাপারে উৎসাহিত করে। কেউ কেউ লিখেছিলেন, নায়িকার মতো দেখতে। এমন সময়ে বিভিন্ন মাধ্যম থেকে রঙিন দুনিয়ায় কাজের প্রস্তাব আসতে থাকে তার কাছে।
তাদের একজন ছিলেন পরিচালক শাহীন সুমন। ২০১৬ সালে পাগলের মতো ভালোবাসি নামে সিনেমার মাধ্যমে শুরু হয় মেয়েটির যাত্রা। সেই মেয়েটি এখনকার সময়ের আলোচিত চিত্রনায়িকা অধরা খান।
২০১৮ সালে এই নায়িকার ‘মাতাল’ এবং ‘নায়ক’ নামে দুটি সিনেমা পর পর মুক্তি পায়। এরই মধ্যে আরও বেশ কিছু নতুন সিনেমায় কাজ করেছেন তিনি। কিন্তু মুক্তি পায়নি অধরার ক্যারিয়ার প্রথম সিনেমা পাগলের মতো ভালোবাসি। এ নিয়ে তো কিছুটা মন খারাপ ছিলই তার। অবশেষে মন খারাপের দিন শেষ হচ্ছে অধরার। আসছে ১৯ ফেব্রুয়ারি দীর্ঘ ৫ বছর পর সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে।
আরও পড়ুন:সিনেমার সেটে আমির খানের ‘কীর্তি
এ ব্যাপারে অধরা খান আরটিভি নিউজকে বলেন, জীবনের যেকোনো প্রথম কিছুর একটু বেশিই গুরুত্ব থাকে। তেমনি এই সিনেমাটি আমার জন্য বিশেষ। প্রথম সিনেমা ক্যামেরার সামনে দাঁড়ানো, প্রথম ডায়লগ এমন অনেক প্রথম জড়িয়ে রয়েছে। তাইতো আমার সিনেমাটি নিয়ে অন্যরকম এক অনুভূতি রয়েছে। দীর্ঘদিন পর অপেক্ষার প্রহর শেষ হচ্ছে।
দর্শকের কাছে চাওয়া সবাই সিনেমা হলে এসে কাজটি দেখবেন। সবার ভালো লাগবে বলেই আমার বিশ্বাস।এ ছবিতে অধরার বিপরীতে অভিনয় করেছেন আসিফ নূর ও সুমিত সেনগুপ্ত।
সিনেমার নাম পাগলের মতো ভালোবাসি ব্যক্তিজীবনে কী এমন ভালোবাসার মতো কাউকে পেয়েছেন? জবাবে এই সুন্দরী হাসতে হাসতে বলেন, এখনো পাইনি। তবে তেমন কাউকে পেলে অবশ্যই পাগলের মতো ভালোবাসতে চাই আমি।

























