‘রকস্টার’ সাইমন সাদিক
- আপডেট সময় : ০৮:০৬:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ ফেব্রুয়ারী ২০২১
- / ১১১৪ বার পড়া হয়েছে
বিনোদন ডেস্ক:
চিত্রনায়ক সাইমন সাদিক সম্প্রতি তিনটি সিনেমায় একসঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন। তার একটির নাম ‘লাইভ’। শামীম আহমেদ রনি পরিচালিত এই সিনেমায় তাকে দেখা যাবে গায়কের ভূমিকায়। এই প্রথমবার গায়ক চরিত্রে দর্শকের সামনে হাজির হবেন এ নায়ক।
সাইমন বলেন, ‘গেল কয়েকদিন ধরেই সিনেমাটির শুটিং করছি। বেশ গোছানো পরিচ্ছন্ন একটি টিম নিয়ে কাজ চলছে। পুরোদমে কাজ করছি। উপভোগ করছি। সেইসঙ্গে এটাও প্রত্যাশা এই সিনেমা ও আমার চরিত্রটি দর্শকের হৃদয় ছুঁয়ে যাবে।’
‘লাইভ’ সিনেমায় সাইমনের বিপরীতে দেখা যাবে চিত্রনায়িকা মাহিয়া মাহিকে। ‘পোড়ামন’, ‘জান্নাত’খ্যাত এই জুটি শাপলার আরও যে দুটি ছবিতে হাজির হবেন সেগুলো হলো শাহীন সুমন পরিচালিত ‘গ্যাংস্টার’ ও শামীম আহমেদ রনির ‘নরসুন্দরী’।সিনেমাগুলো চলতি বছরেই মুক্তি দেয়ার পরিকল্পনা রয়েছে শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খানের।
নির্মাতা জাকির হোসেন রাজু পরিচালিত ‘জ্বি হুজুর’ চলচ্চিত্রের অভিনয়ের মাধ্যমে ঢাকাই চলচ্চিত্রে অভিষেক হয় সাইমনের। এরপর একই নির্মাতার ‘পোড়া মন’ ছবিতে অভিনয় করে আলোচনায় আসেন। ধীরে ধীরে এই নায়ক হয়ে ওঠেছেন নির্মাতাদের আস্থার প্রতীক। ‘জান্নাত’ সিনেমায় অভিনয় করে ঘরে তুলেছেন সেরা অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও।


























