সাউন্ড গ্রেনেড জলকামান দিয়ে সরকারি কর্মচারীদের সরাল পুলিশ
- আপডেট সময় : ০৯:২৫:২২ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬
- / ১০৪৫ বার পড়া হয়েছে
সাউন্ড গ্রেনেড জলকামান দিয়ে সরকারি কর্মচারীদের সরাল পুলিশ
স্টাফ রিপোর্টঃ
নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে থালা-বাটি হাতে ভুখা মিছিল নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে বসে অবস্থান নিয়েছিলেন সরকারি কর্মচারীরা। সেখানে অন্তত ১০ মিনিট অবস্থানের পর তাদের সরিয়ে দিয়েছে পুলিশ। এ সময় সাউন্ড গ্রেনেড ও জলকামানও নিক্ষেপ করেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ঘটনাস্থলে বিজিবিও মোতায়েন করা হয়েছে।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হয়ে এ কর্মসূচি পালন শুরু করেন তারা। পরে ভুখা মিছিল নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবনের সামনে গিয়ে বসে পড়েন তারা। এর আগে শাহবাগ এলাকায় পৌঁছালে পুলিশ জলকামান নিক্ষেপ করে।
এ সময় পুলিশের বাধা উপেক্ষা করে প্রধান উপদেষ্টার বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবনের দিকে এগিয়ে যান তারা। পরে ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে প্রথম দফায় অবস্থান নেন। সেখান থেকে পুলিশের ব্যারিকেড ভেঙে যমুনার সামনে গিয়ে অবস্থান নেন। সেখান থেকে পুলিশ তাদের সরিয়ে দিয়েছে।
সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের ব্যানারে এ কর্মসূচি পালন করা হচ্ছে। পে স্কেলের গেজেট প্রকাশ এবং ১ জানুয়ারি থেকে কার্যকরের দাবি জানিয়েছেন তারা।
এর আগে দাবি আদায় টানা তিনদিন দুই ঘণ্টা করে কর্মবিরতি পালন করেন সরকারি কর্মচারীরা। পরে বৃহস্পতিবার চার ঘণ্টা কর্মবিরতি কর্মসূচি পালন করেছেন তারা। পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ শুক্রবার শহীদ মিনার থেকে মিছিল বের করে তারা।




















