স্মৃতিসৌধে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে আটক তাহমিনা মুক্তির নির্দেশ
- আপডেট সময় : ১০:৩৮:১৩ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬
- / ১০৩৪ বার পড়া হয়েছে
স্মৃতিসৌধে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে আটক তাহমিনা মুক্তির নির্দেশ
স্টাফ রিপোর্টারঃ
স্বাধীনতা দিবসে তিন সন্তান নিয়ে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে গিয়ে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়া সেই তাহমিনা আক্তারকে মুক্তির নির্দেশ দিয়েছে আদালত।
আজ বুধবার ঢাকার জ্যেষ্ঠ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আফরোজা সুলতানা বুধবার এ আদেশ দেন।
গোয়েন্দা পুলিশের ঢাকা জেলার (দক্ষিণ) এসআই আব্দুল মুক্তালিব এ দিন তাহমিনা আক্তারের বিরুদ্ধে ‘কোনো অভিযোগ পাওয়া যায়নি’ মর্মে প্রতিবেদন জমা দেন।
জ্যেষ্ঠ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আফরোজা সুলতানা ওই প্রতিবেদন আমলে নিয়ে তাহমিনাকে মুক্তির নির্দেশ দেন বলে প্রসিকিউশন পুলিশের এসআই ওবায়দুর রহমান জানিয়েছেন।
তাহমিনার আইনজীবী জাহাঙ্গীর আলম বলেন, আদালত থেকে তার মুক্তির আদেশ এসেছে। আশা করছি, আগামীকাল বৃহস্পতিবার তিনি কারামুক্ত হবেন।
প্রতিবেদনে এসআই আব্দুল মুক্তালিব বলেছেন,তিন কন্যা সন্তানের মা তাহমিনা আক্তার ঢাকাতে ভাড়া বাসায় থাকেন। তার স্বামী প্রবাসী। তবে স্বামীর সাথে সম্পর্ক ভালো না। পিতা-মাতা ও পরিবারের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন। গত ২৬ মার্চ আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত অজ্ঞাতনামা ব্যক্তি ভুল বুঝিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারের উদ্দেশ্য ছবি তোলার জন্য সাভারের জাতীয় স্মৃতিসৌধে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের পক্ষে পুষ্পস্তবক অর্পণ এবং জয় বাংলা’সহ বিভিন্ন স্লোগান দেওয়ার জন্য নেয়।
তাহমিনা দেশের রাজনৈতিক পরিস্থিতি না বুঝেই সেদিন সাভারে গিয়েছিলেন জানিয়ে প্রতিবেদনে বলা হয়, প্রকৃতপক্ষে তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত না। রাষ্ট্রবিরোধী বা নাশকতামূলক কোনো কার্যক্রমে জড়িত নন মর্মে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়। তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো ধর্তব্য অপরাধের সাথে জড়িত থাকার সুস্পষ্ট প্রমাণ না পাওয়ায় ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারার দায় থেকে অব্যাহতির প্রার্থনা করছি।
স্বাধীনতা দিবসে বেলা সাড়ে ১১টার দিকে স্মৃতিসৌধের ফোয়ারার সামনে থেকে তাহমিনাকে আটক করে পুলিশ। এ সময় ওই নারীর সঙ্গে তার তিন সন্তানও ছিল। পরদিন ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়। সোমবারও তার জামিন আবেদন নাকচ হয়।
এর মধ্যেই তাহমিনাকে অব্যাহতির সুপারিশ করে দেওয়া প্রতিবেদন আমলে নিয়ে আদালত মুক্তির আদেশ দিল।
দৈনিক আস্থা/এমএইচ










