৪ হাজার সদস্য নিয়ে সলিমপুরে যৌথবাহিনীর অভিযান
- আপডেট সময় : ০১:২০:০৬ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬
- / ১০১৪ বার পড়া হয়েছে
৪ হাজার সদস্য নিয়ে সলিমপুরে যৌথবাহিনীর অভিযান
রানা সাত্তারঃ
চট্টগ্রামের সীতাকুণ্ডের দুর্গম জঙ্গল সলিমপুরে অপরাধীদের আস্তানা ও অবৈধ সাম্রাজ্য গুঁড়িয়ে দিতে যৌথবাহিনীর বিশেষ অভিযান শুরু হয়েছে।
সোমবার (৯ মার্চ) সকাল থেকে সেনাবাহিনী, র্যাব ও পুলিশের প্রায় ৪ হাজার সদস্যের সমন্বয়ে এই চিরুনি অভিযান শুরু হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেলা অতিরিক্ত পুলিশ সুপার (গণমাধ্যম) মোঃ রাসেল।
প্রায় ৩ হাজার ১০০ একর খাস জমি দখল করে পাহাড় কেটে গড়ে ওঠা এই এলাকাটি দীর্ঘদিন ধরে অপরাধীদের নিরাপদ আশ্রয়ে পরিণত হয়েছে।
যৌথবাহিনী আজ সকাল থেকেই এলাকাটির চারপাশ ঘিরে ফেলে এবং প্রবেশ ও বের হওয়ার পথগুলোতে কঠোর তল্লাশিচৌকি বসিয়েছে। অতীতে একাধিকবার অভিযানে গিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হামলার শিকার হওয়ায় এবার ভিন্ন কৌশলে অগ্রসর হচ্ছে ৪ হাজার সদস্যের এই বিশাল বহর।
জঙ্গল সলিমপুরে অপরাধী চক্রের দৌরাত্ম্য নতুন কিছু নয়। তবে সাম্প্রতিক কিছু ঘটনা এই অভিযানকে ত্বরান্বিত করেছে। গত ১৯ জানুয়ারি অভিযান চলাকালে সন্ত্রাসী মোহাম্মদ ইয়াসিনের বাহিনীর হামলায় র্যাব-৭-এর উপসহকারী পরিচালক (নায়েব সুবেদার) মোতালেব হোসেন ভূঁইয়া নিহত হন। ওই ঘটনায় ৪ জন র্যাব সদস্যকে অপহরণ করা হলেও পরে তাদের উদ্ধার করা হয়। ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর এখানে ‘স্থানীয় সন্ত্রাসীদের’ তৎপরতা বৃদ্ধি পায়।
গত বছরের ৪ অক্টোবর দুই পক্ষের (ইয়াসিন ও রোকন বাহিনী) গোলাগুলিতে একজন নিহত হন এবং সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হন দুই সাংবাদিক। নিহত র্যাব কর্মকর্তা মোতালেবের জানাজায় অংশ নিয়ে র্যাব মহাপরিচালক এ কে এম শহীদুর রহমান জঙ্গল সলিমপুরে সমন্বিত যৌথ অভিযানের ঘোষণা দিয়েছিলেন।
অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রাসেল বলেন, অভিযানের বিস্তারিত ফলাফল এবং আটক বা উদ্ধারের তথ্য পরবর্তীতে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
বর্তমানে এলাকাটিতে থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং যৌথবাহিনীর সদস্যরা তল্লাশি চালিয়ে যাচ্ছেন।
আস্থা/এমএইচ
















