খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- আপডেট সময় : ০৩:২৮:৫৬ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬
- / ১০০৭ বার পড়া হয়েছে
খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
স্টাফ রিপোর্টারঃ
টান দুই দিনের টানা বৃষ্টিপাত ও উজান থেকে আসা পাহাড়ি ঢল অব্যাহত থাকায় কাপ্তাই হ্রদে পানির চাপ বেড়েছে। পরিস্থিতি সামাল দিতে কাপ্তাই বাঁধের স্পিলওয়ের ১৬টি গেইট খুলে দেওয়া হয়েছে।
বর্তমানে প্রতিটি গেট ৩ ফুট করে খুলে দেওয়ায় প্রতি সেকেন্ডে প্রায় ৫৮ হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে পড়ছে।
আজ রোববার (৩০ আগষ্ট) সকাল ১০টা থেকে স্পিলওয়ের ১৬টি গেট দিয়ে ৩ ফুট করে খুলে দেওয়া হয়েছে জানিয়েছে কাপ্তাই পানি বিদ্যুৎকেন্দ্রের সহকারী প্রকৌশলী তারেক আহমেদ।
এই কর্মকর্তা বলেন, কাপ্তাই হ্রদে পানির চাপ বাড়তে থাকায় গতকাল শনিবার রাত ৮টায় স্পিলওয়ের ১৬টি গেট ৬ ইঞ্চি করে খুলে দেওয়া হয়। তখন প্রতি সেকেন্ডে প্রায় ৯ হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে পড়ছিল।
পানির চাপ কমানো না যাওয়ায় শনিবার রাত ১০টা ৩৫ মিনিটে গেটগুলো ১ ফুট করে খোলা হয়। এতে প্রতি সেকেন্ডে প্রায় ১৮ হাজার কিউসেক পানি নদীতে পড়তে থাকে।
এরপর আজ রোববার ভোর ৭টা থেকে গেটগুলো ২ ফুট এবং সকাল ১০টা থেকে ৩ ফুট করে খোলা হয়েছে। এতে পানি ছাড়ার পরিমাণ বেড়ে প্রতি সেকেন্ডে প্রায় ৫৮ হাজার কিউসেকে দাঁড়িয়েছে।
কাপ্তাই পানি বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক মাহামুদ হাসান জানান, আজ সকাল ৯টা পর্যন্ত কাপ্তাই হ্রদে পানির উচ্চতা ছিল ১০৬ দশমিক ২ ফুট এমএসএল। হ্রদের সর্বোচ্চ ধারণক্ষমতা ১০৯ ফুট এমএসএল।
তিনি জানান, বিদ্যুৎকেন্দ্রের পাঁচটি ইউনিট চালু রেখে ২২০ থেকে ২২২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। এতে বিদ্যুৎ উৎপাদনের জন্যও প্রতি সেকেন্ডে প্রায় ৩২ হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে যাচ্ছে। পাঁচটি ইউনিটের মোট উৎপাদনক্ষমতা ২৩০ মেগাওয়াট।
এদিকে কাপ্তাই হ্রদের পানির উচ্চতা বেড়ে যাওয়ায় তীরবর্তী নিচু এলাকা প্লাবিত হতে শুরু করেছে। বৃষ্টিপাত ও পাহাড়ি ঢল অব্যাহত থাকলে হ্রদের পানির উচ্চতা আরও বাড়তে পারে। সে ক্ষেত্রে পরিস্থিতি বিবেচনা করে স্পিলওয়ে দিয়ে পানি ছাড়ার পরিমাণ বাড়ানো বা কমানোর সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
এদিকে হ্রদের পানি ক্রমে বৃদ্ধির ফলে সিম্বল অব রাঙ্গামাটি খ্যাত ঝুলন্ত সেতু(ব্রীজ) টি গতকাল থেকে পানিতে তলিয়ে যেতে থাকে। আজ প্রায় দেড় ফুট পানিতে তলিয়ে আছে সেতুটি, যা প্রতি বছরে ঘটতে থাকে এমনি ঘটনা। এতে রাঙ্গামাটিতে ঘুরতে আসা পর্যটকরা ব্রীজে উঠতে না পেরে অনেকে হতাশা প্রকাশ করতে দেখা যায়।
আস্থা/এমএইচ



















