চকরিয়াতে পশু চিকিৎসক হত্যা
- আপডেট সময় : ০৬:৩৯:৪৬ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬
- / ১০০৬ বার পড়া হয়েছে
চকরিয়াতে পশু চিকিৎসক হত্যা
স্টাফ রিপোর্টারঃ
কক্সবাজারের চকরিয়া উপজেলায় প্রতিপক্ষের হামলায় মেহেদী হাসান সাকিব নামে এক পশু চিকিৎসক নিহত হয়েছেন।
এ ঘটনায় তার বাবা ও দুই ভাই গুরুতর আহত হয়েছেন।
বর্তমানে তারা চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,
শুক্রবার বিকেলে উপজেলার বদরখালী ইউনিয়নের সাতদালিয়া পাড়া এলাকায় সাকিবের বড় ভাই মোশারফের সঙ্গে স্থানীয় তান্নু, হেলাল ও বেলালের কথা-কাটাকাটি হয়। এ জের ধরে শনিবার সকালে একদল লোক সাকিবদের বাড়িতে হামলা চালায়।
এ সময় সাকিব, তার বাবা ওয়াজ উদ্দিন এবং দুই ভাই মোশারফ ও আরফাত গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চকরিয়া উপজেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে সাকিবের শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার দিবাগত রাত ১টার দিকে মেহেদী হাসান সাকিবের মৃত্যু হয়।
আহত ওয়াজ উদ্দিন, মোশারফ ও আরফাত চকরিয়া উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনাস্থল পরিদর্শন করে চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর রহমান বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের আটকের জন্য অভিযান চালানো হচ্ছে। তবে অভিযুক্তরা পলাতক থাকায় এখনো কাউকে আটক করা সম্ভব হয়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
দৈনিক আস্থা/এমএইচ



















