জামায়াতের লংমার্চের কারণে জনভোগান্তি-রাশেদ
- আপডেট সময় : ০৪:০২:২৪ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
- / ১০০৫ বার পড়া হয়েছে
জামায়াতের লংমার্চের কারণে জনভোগান্তি-রাশেদ
স্টাফ রিপোর্টারঃ
জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের লংমার্চে ১ লাখ লিটার তেল অপচয় করার কারণে জনভোগান্তি ও জ্বালানি সংকট আরও বাড়ছে বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।
আজ শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইল দেওয়া এক পোস্টে তিনি এ দাবি করেন।
ফেসবুক পোস্টে রাশেদ খাঁন লেখেন- ‘বিরোধীদলের নেতাদের মুখে হতাশার ছাপ! জামায়াত ঘোষিত লংমার্চে দলের নেতাকর্মীদের বাইরে সাধারণ মানুষের কোনো আগ্রহ ও অংশগ্রহণ নাই। তারা ভেবেছিল রাস্তার দুই ধারে জনতার ঢল নামবে! জামায়াতের আমিরের গাড়ি জনতার উপচে পড়া ভিড়ে যেতে পারবে না!
কিন্তু লংমার্চে এতো দেশি-বিদেশি বিনিয়োগের পরেও সাধারণ মানুষকে টানতে পারেনি জামায়াত নেতৃত্বাধীন ৯ দলীয় জোট (২ দল জামায়াত জোট ছেড়েছে)।’
তিনি আরও লেখেন, ‘সাধারণ মানুষ বিদ্যুৎ- জ্বালানি- গ্যাস নিয়ে জাতীয় ও আন্তর্জাতিক সংকট সম্পর্কে যথেষ্ট জ্ঞান রাখে। ৬ মাসের সরকার উপর ১৮-২০ বছরের সমস্যা, সংকট ও অব্যবস্থাপনার দায় চাপানোর চেষ্টা মূর্খতার শামিল। আর স্বাক্ষরিত জুলাই জাতীয় সংসদ বাস্তবায়নের সর্বোচ্চ প্রচেষ্টা সরকার করে যাচ্ছে। সুতরাং বিরোধীদলের ৬ দফায় জনগণের কোনো আগ্রহ নাই। বরং এভাবে রাস্তাঘাট বন্ধ রাখায় ও ১ লাখ লিটার তেল অপচয় করার কারণে জনভোগান্তি ও জ্বালানি সংকট আরও বাড়ছে।’
সবশেষ তিনি লেখেন, ‘ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দৈনিক হাজার হাজার যাত্রী ও পণ্যবাহী গাড়ি যাতায়াত করে। জামায়াতের লংমার্চের কারণে এই গাড়িগুলো বন্ধ আছে। এতে রাষ্ট্রের কোটি কোটি টাকার লোকসান হবে। সম্পূর্ণ দলীয় স্বার্থে এবং মিথ্যাচার ও প্রতারণাকে পুঁজি করে জনগণের উপর একপ্রকার জোরপূর্বক লংমার্চ নামক আন্দোলন চাপিয় দিয়েছে জামায়াত।’
উল্লেখ্য, ছয় দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে ১১ দলীয় ঐক্য শনিবার সকালে রাজধানীর শাপলা চত্বর থেকে চট্টগ্রাম অভিমুখে লংমার্চ শুরু করেছে। গণভোটের রায় বাস্তবায়ন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, জ্বালানি সংকট নিরসন, রাজনৈতিক ও সাংবিধানিক সংস্কার এবং জুলাই গণঅভ্যুত্থানের গণহত্যার বিচারসহ জনজীবনের বিভিন্ন সংকট কর্মসূচিতে তুলে ধরা হচ্ছে। পথে নারায়ণগঞ্জ, কুমিল্লা, ফেনী ও মিরসরাইসহ বিভিন্ন স্থানে পথসভা ও সমাবেশ শেষে রাতে চট্টগ্রামের লালদীঘি ময়দানে সমাপনী সমাবেশ হবে। কর্মসূচিতে জোটের শীর্ষ নেতারা অংশ নিয়েছেন এবং লংমার্চের বহরে এক হাজারের বেশি গাড়ি রয়েছে বলে জানা গেছে।
আস্থা/এমএইচ

















