জামিনে মুক্তি পেলেই অন্য মামলায় আটক দেখানোর নির্দেশ-ডিআইজিকে আইনি নোটিশ
- আপডেট সময় : ১১:৫০:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
- / ১০৬৫ বার পড়া হয়েছে
জামিনে মুক্তি পেলেই অন্য মামলায় আটক দেখানোর নির্দেশ-ডিআইজিকে আইনি নোটিশ
আস্থা ডেস্কঃ
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা জামিনে মুক্তি পেলেই অন্য মামলায় আটক দেখানোর নির্দেশ দেওয়ায় রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহানকে আইনি নোটিশ পাঠানো হয়েছে।
সোমবার (১৬ মার্চ) আইন ও সালিসকেন্দ্রের (আসক) পক্ষে আইনজীবী সৈয়দা নাসরিন ও শাহীনুজ্জামান এ নোটিশ পাঠান।নোটিশে ডিআইজির ওই নির্দেশনা প্রত্যাহারের দাবি জানানো হয়েছে।
সাত দিনের মধ্যে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা না নেওয়া হলে হাইকোর্টে রিট আবেদন করা হবে বলেও উল্লেখ করা হয়েছে। গত ২৪ ফেব্রুয়ারি রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান একটি ‘বিশেষ নির্দেশনা’ জারি করেন।
সেখানে বলা হয়, কার্যক্রম নিষিদ্ধ ও ফ্যাসিস্ট সংগঠনের যেসব নেতা-কর্মী জামিনে মুক্তি পেয়ে দলকে শক্তিশালী করা, সংগঠিত করা বা মাঠপর্যায়ে সক্রিয় হওয়ার সক্ষমতা রাখেন, তাদের জামিনের পর অন্য মামলায় গ্রেপ্তার দেখাতে (শোন অ্যারেস্ট) হবে। তবে যারা এসব বৈশিষ্ট্যের অধিকারী নন, তাদের ক্ষেত্রে আপাতত এমন ব্যবস্থা নেওয়ার প্রয়োজন নেই বলে নির্দেশনায় উল্লেখ করা হয়।
এই নির্দেশনা রাজশাহী রেঞ্জের আওতাধীন রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, নাটোর, পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া ও জয়পুরহাট জেলার পুলিশ সুপারদের কাছে পাঠানো হয়েছিল।
দৈনিক আস্থা/এমএইচ










