জুয়ার ভিডিও ফেসবুকে শেয়ার করায় হামলা
- আপডেট সময় : ১১:১৪:৪৮ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬
- / ১০৬৭ বার পড়া হয়েছে
জুয়ার ভিডিও ফেসবুকে শেয়ার করায় হামলা
মোঃ হাবিব/ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
ফেসবুকে অনলাইন জুয়ার ভিডিও শেয়ার করাকে কেন্দ্র করে হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত মোঃ কামরুল হাসান থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন (সাধারণ ডায়েরি নং- ২৩৪)।
ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার বিড়ালশাখ গ্রামের ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
জিডিতে উল্লেখ করেন, গত ২৮ এপ্রিল দুপুর আনুমানিক ১২টার দিকে বিড়ালশাখ বুদ্দ্যার বাজার এলাকায় জনৈক আল-আমিনের মুদির দোকানের সামনে কামরুল হাসানকে দেখতে পেয়ে অভিযুক্তরা অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন। এ সময় তিনি প্রতিবাদ করলে অভিযুক্তরা উত্তেজিত হয়ে লাঠি ও লোহার রড দিয়ে এলোপাতাড়িভাবে মারধর করেন।
অভিযোগকারী মোঃ কামরুল হাসান (৪০) জানান, তিনি উপজেলার বিড়ালশাখ গ্রামের বাসিন্দা। অভিযুক্ত বাবুল মিয়া, স্বপন মিয়া ও সালমা আক্তার তার প্রতিবেশী। দীর্ঘদিন ধরে তাদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। এরই মধ্যে বাবুল মিয়ার অনলাইন জুয়া খেলার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়।
পরে তিনি ভিডিওটি নিজের আইডি থেকে শেয়ার করলে অভিযুক্তরা তার প্রতি ক্ষুব্ধ হয়ে হামলা চালায়। পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে আহতদের উদ্ধার করে ফুলবাড়ীয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ চিকিৎসার জন্য নিয়ে যান। তবে এ বিষয়ে চেষ্টা করে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।
ফুলবাড়ীয়া থানার অফিসার ইনচার্জ রাশেদুল হাসান জানান, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
দৈনিক আস্থা/এমএইচ



















