ফুলবাড়ীয়ায় এনসিপির ১৪ নেতার পদত্যাগ
- আপডেট সময় : ০৯:২২:৩০ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬
- / ১০১২ বার পড়া হয়েছে
ফুলবাড়ীয়ায় এনসিপির ১৪ নেতার পদত্যাগ
আস্থা ডেস্কঃ
ময়মনসিংহ জেলার ফুলবাড়ীয়া উপজেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কমিটি থেকে ১৪ নেতা পদত্যাগ করেছেন।
আজ শনিবার (২২ আগষ্ট) বিকেলে ফুলবাড়ীয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে তারা পদত্যাগের ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে উপজেলা এনসিপির যুগ্ম-আহ্বায়ক ইঞ্জিনিয়ার উমর শরীফ লিখিত বক্তব্যে বলেন, উপজেলা কমিটিতে ‘ফ্যাসিস্টদের দোসর’ ও হত্যা মামলার আসামিদের অন্তর্ভুক্ত করে কমিটি গঠন করা হয়েছে। এছাড়া কমিটির আহ্বায়ক মঞ্জুরুল হক মামুন জাতীয় পার্টির রাজনীতির সঙ্গে যুক্ত থাকা অবস্থায় এনসিপির উপজেলা কমিটির আহ্বায়ক হয়েছেন।
উমর শরীফ বলেন, ‘বিষয়গুলো নিয়ে জেলা ও কেন্দ্রীয় কমিটির সঙ্গে আলোচনা করা হয়েছে। কিন্তু এ বিষয়ে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এ কারণে আমরা উপজেলা কমিটি থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা এনসিপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ইঞ্জিনিয়ার সানাউল্লাহ ও যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার রফিকুল ইসলাম রফিকসহ অন্য নেতারা।
পদত্যাগকারীদের মধ্যে রয়েছে, উপজেলা কমিটির জুলাই গণঅভ্যুত্থান বিষয়ক সম্পাদক ও জুলাই শহীদ হাফিজের স্ত্রী আকলিমা আখতার আঁখিও।
পদত্যাগকারীরা হলেন, সিনিয়র যুগ্ম-আহবায়ক ইঞ্জিনিয়ার সানা উল্লাহ, যুগ্ম-আহবায়ক ইঞ্জিনিয়ার ওমর শরীফ, যুগ্ম-আহবায়ক মোঃ আতাউল ওসমান গনি, যুগ্ম-আহবায়ক ইঞ্জিনিয়ার রফিকুল ইসলাম রফিক, যুগ্ম-সদস্য সচিব মাসিকুর রহমান, আব্দুল্লাহ আল জোবায়ের, জহিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ নবী হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ সালাউদ্দিন চৌধুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবু রাসেল শেখ, সদস্য এভারেষ্ট, সাদ্দাম হোসেন প্রমূখ।
তবে অভিযোগ অস্বীকার করে উপজেলা এনসিপির আহ্বায়ক মঞ্জুরুল হক মামুন বলেন, ‘আজ যারা কমিটি থেকে পদত্যাগ করেছেন, কী কারণে পদত্যাগ করেছেন, তারাই ভালো বলতে পারবেন। উপজেলা কমিটিতে হত্যা মামলার আসামি কিংবা জাতীয় পার্টির কেউ আছেন কি না, তা আমার জানা নেই।
আস্থা/এমএইচ



















