শাজাহানপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যালয়ে পতাকা উত্তোলন
- আপডেট সময় : ১২:১০:২৯ পূর্বাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬
- / ১০২৫ বার পড়া হয়েছে
শাজাহানপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যালয়ে পতাকা উত্তোলন
স্টাফ রিপোর্টারঃ
শোকের মাস আগস্টকে সামনে রেখে বগুড়ার শাজাহানপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যালয়ে পতাকা উত্তোলন করা হয়েছে।
শুক্রবার সকালে উপজেলার সাজাপুরের কাগজীপাড়া এলাকায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে কালো পতাকা উড়তে দেখা যায়। পরে কে বা কারা পতাকাটি সরিয়ে ফেলেন।
বগুড়ার শাজাহানপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সোহরাব হোসেন সান্নু মোবাইল ফোনে গণমাধ্যকে বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হন। তাই আগস্ট আমাদের কাছে শোকের মাস। সেই উপলক্ষে শাজাহানপুর উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃত্বে কালো পতাকা উত্তোলন করা হয়েছে।
তিনি আরও বলেন, দলের নেতাকর্মীদের বিরুদ্ধে গ্রেফতার ও নির্যাতন চলছে। এখন আর ঘরে বসে থাকার সময় নেই। গ্রেফতার, হামলা, হত্যা করে আওয়ামী লীগকে দাবাইয়া রাখা যায় না। আওয়ামী লীগের কার্যক্রম চলবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।
গত ২০২৪ সালের জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে বগুড়ার শাজাহানপুর উপজেলার সাজাপুর কাগজীপাড়া এলাকায় আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের কার্যালয়ে ভাঙচুর এবং অগ্নিসংযোগ করা হয়েছিল। এরপর থেকে কার্যালয়টি পরিত্যক্ত অবস্থায় রয়েছে। এর আগেও গত ভাষা আন্দোলনের মাস ফেব্রুয়ারিতে দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছিল।
শাজাহানপুর থানার ওসি আশিক ইকবাল গনমাধ্যমের কাছে এ ব্যাপারে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন।









