ফেনীতে যুবলীগ নেতার লাশ মিলল পুকুরে
- আপডেট সময় : ০১:০১:২০ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬
- / ৯৯৭ বার পড়া হয়েছে
ফেনীতে যুবলীগ নেতার লাশ মিলল পুকুরে
আস্থা ডেস্কঃ
ফেনীতে একই রাতে দুটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এর মধ্যে ছাগলনাইয়ায় বাড়ির অদূরে পুকুরে পাওয়া গেছে ঘোপাল ইউনিয়ন যুবলীগের নেতা যোবায়ের হোসেন পারভেজের (৩৫) মরদেহ। শুক্রবার দিবাগত রাত্রে এ ঘটনা ঘটে।
ফেনীর ছাগলনাইয়ায় নিহত যোবায়ের হোসেন পারভেজ ঘোপাল ইউনিয়নের নিজকুঞ্জরা সমিতি বাজার এলাকার আবু তাহেরের ছেলে।
উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাজী ওমর ফারুকের দেওয়া তথ্যমতে, পারভেজ ভবিষ্যতে ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক হতে চাইতেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, পারভেজ দীর্ঘদিন ধরে যুবলীগের রাজনীতিতে জড়িত থাকায় ফেনী নদীতে ড্রেজার দিয়ে বালু উত্তোলনকারী নৌকার ব্যবসায় জড়িত।
২০২৪ সালের ৫ আগস্টের পর পারভেজের খামার থেকে ৭-৮টি গরু লুট হয়। এ সময় তাঁর বাড়িতে অগ্নিসংযোগও করা হয়।
স্বজনেরা জানান, গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে ডজখানেক মামলায় পারভেজ ও একই এলাকার মামুনুর রশিদ মামুন দীর্ঘদিন কারাগারে ছিলেন। তখন আদালতের নানা ধরনের ফির খরচ পারভেজ দেন। মামুন টাকা দেননি। তারা জামিনে ছাড়া পাওয়ার পর একটি দোকান নিয়ে পারভেজের সঙ্গে মামুন ও শাহাদাত হোসেনের বিরোধ শুরু হয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, গত শুক্রবার রাত ৯টার দিকে নিজ বাড়ির সামনে মামুনের সঙ্গে পারভেজের তর্কাতর্কি হয়। একপর্যায়ে তিনি টর্চলাইট দিয়ে মামুনের মাথায় আঘাত করেন। বিষয়টির রাতেই সুরাহা হয়। রাতে পারভেজকে ঘর থেকে ডেকে নেন মামুন ও শাহাদাত। রাতে আর বাড়ি ফেরেননি তিনি।
গতকাল ভোরে স্থানীয় লোকজন পুকুরে মরদেহ ভাসতে দেখেন। স্বজনেরা তাঁকে পারভেজ হিসেবে শনাক্ত করেন। তাঁর ভাই নয়ন জানান, মরদেহ তোলার পর দেখতে পান পারভেজের দুই হাত, দুই পা ও গলা কাটা।
ছাগলনাইয়া থানার ওসি আবু তাহের জানান, নিহত পারভেজ, তাঁর হত্যার ঘটনায় সন্দেহভাজন মামুন ও শাহাদাতের নামে থানায় বেশ কিছু মামলা রয়েছে। কিছুদিন আগেও তারা কারামুক্ত হওয়ার পর উভয় পক্ষের মধ্যে বিরোধ বেড়েছে। ইতোমধ্যে ডিবি পুলিশ চট্টগ্রামের একটি হাসপাতাল থেকে আহত অবস্থায় শাহাদাতকে আটক করেছে। পারভেজের বাবা আবু তাহের শাহাদাত ও মামুনের নাম উল্লেখসহ অজ্ঞাপরিচয় ৫-৬ জনের বিরুদ্ধে মামলা করেছেন।
দৈনিক আস্থা/এমএইচ















