বাংলাদেশে টিটিপির আদলে জঙ্গি সংগঠন গড়ার চেষ্টা
- আপডেট সময় : ০২:০৭:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
- / ১০৩৮ বার পড়া হয়েছে
বাংলাদেশে টিটিপির আদলে জঙ্গি সংগঠন গড়ার চেষ্টা
আস্থা ডেস্কঃ
ফাতাহ কমব্যাট সিস্টেম (এফসিএস)
ঢাকায় ৬ জনকে আটকের পর তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) আদলে বাংলাদেশেও একই ধরনের সংগঠন গড়ে তোলার চেষ্টার তথ্য পাওয়া গেছে। এই চেষ্টায় জড়িতরা শরিয়াভিত্তিক মার্শাল আর্ট শেখানোর আড়ালে কর্মী সংগ্রহ করছে বলেও জানিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনী।
সংগঠনটির নাম ফাতাহ কমব্যাট সিস্টেম বা এফসিএস। খুলনা ও যশোর অঞ্চলে ব্যাপকভাবে সক্রিয় সংগঠনটির নেতারা রাজধানীতেও মার্শাল আর্ট শেখানোর উদ্যোগ নিতে এসে আটক হয়েছেন।
গত রোববার রাজধানী ঢাকার যাত্রাবাড়ীর কোনাপাড়া বালুর মাঠ এলাকা থেকে এফসিএসের ৬ জনকে আটকের পর পুলিশের পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি। তাদেরকে ৫৪ ধারায় আটক দেখিয়ে তিন দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে।
আটককৃতদের মধ্যে আছে এফসিএস-এর প্রধান প্রশিক্ষক শাহ আমানত সাবির, হোসাইন তানিম, জুনায়েদ, আতাউল্লাহ শাহ, আবিদুর রহমান ও বায়েজিত।
পুলিশের তথ্য বলছে, এই ৬ জনকে আটকের আগেও টিটিপির মতাদর্শী অন্তত ৯ জন সদস্য ও তাদের সহায়তাকারীকে আটক করা হয়েছে। তাদের সঙ্গে এফসিএস-এর যোগাযোগ ছিল না কিনা তা যাচাই করা হচ্ছে।
যাত্রাবাড়ী থানার ওসি মোহাম্মদ রাজু বলেন, এসসিএফ সংগঠনটি নতুন। ৬ জনকে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) হেফাজতে তাদের দেশি-বিদেশি যোগাযোগ, অর্থের উৎস্য ও পরিকল্পনা জানতে জিজ্ঞাসাবাদ চলছে।
২০২৪ সালের গণঅভ্যুত্থানের সময় কারাগারে বন্দি সাজাপ্রাপ্ত এবং বিভিন্ন মামলার আসামি সন্দেহভাজন জঙ্গিরা বের হয়ে যান। অন্তর্বর্তী সরকারের আমলে অনেকে জামিনও পেয়ে যান।
তখন থেকেই নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কর্মীরা অনেকটাই প্রকাশ্যে তৎপরতা শুরু করে। নিষিদ্ধ সংগঠন হলেও হিযবুত তাহরীর ঢাকায় সভা-সমাবেশ করে, তারা সচিবালয়ে গিয়ে স্মারকলিপিও দেয়।
দৈনিক আস্থা/এমএইচ















