বাসের ধাক্কায় যাত্রীর মৃত্যু, যাত্রীছাউনিতে মিলল চালকের মরদেহ
- আপডেট সময় : ০৫:৫৩:০৯ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬
- / ৯৯৭ বার পড়া হয়েছে
বাসের ধাক্কায় যাত্রীর মৃত্যু, যাত্রীছাউনিতে মিলল চালকের মরদেহ
মোফাজ্জল হোসেন ইলিয়াছঃ
খাগড়াছড়ি জেলার রামগড়-জালিয়াপাড়া সড়কে শ্যামলী পরিবহণের একটি নৈশ কোচের বক্সের খোলা দরজার আঘাতে এক যাত্রীর মৃত্যু হয়েছে। একই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুইজন। এদিকে দুর্ঘটনার পর পালিয়ে যাওয়া বাসের চালকের মরদেহ উদ্ধার করা হয়েছে যাত্রীছাউনি থেকে।
রোববার (১৭ মে) রাত ১২টার দিকে রামগড়-জালিয়াপাড়া সড়কের চাষীনগর এলাকায় শান্তি পরিবহণের একটি নৈশ বাসের চাকা বিস্ফোরিত হয়। এতে যাত্রীরা নেমে সড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় ঢাকাগামী শ্যামলী পরিবহণের একটি এসি নৈশকোচ দ্রুতগতিতে এসে পাশ দিয়ে যাওয়ার সময় বক্সের খোলা দরজার আঘাতে দাঁড়িয়ে থাকা যাত্রী শাহ আলম ঘটনাস্থলেই মারা যায়। এসময় গুরুতর আহত হন কয়েকজন যাত্রী।
নিহত শাহ আলম (৩৫) খাগড়াছড়ি সদরের শান্তিনগর এলাকার মৃত আবুল কাশেমের ছেলে। আহতরা হলেন-জুনায়েত (২৫) ও রুবেল কর্মকার (৩৫)।
দুর্ঘটনার পর শ্যামলী বাসের চালকসহ স্টাফরা গাড়ি ফেলে পালিয়ে যান। পরে সোমবার (১৮ মে) সকালে নাকাপা বাজার এলাকার একটি যাত্রী ছাউনি থেকে চালক মোঃ রব শেখের (৪৫) মরদেহ উদ্ধার করে পুলিশ।
রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজির আলম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ ও আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। পালিয়ে যাওয়া চালকের মরাদেহ যাত্রী থেকে উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, ঘুমের মধ্যেই তিনি স্ট্রোক করে মারা যেতে পারেন।
দৈনিক আস্থা/এমএইচ



















