হাতীবান্ধায় ট্রাক-অটোরিকশা সংঘর্ষ; নিহত-২
- আপডেট সময় : ০৮:৩২:৫৭ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬
- / ১০১৯ বার পড়া হয়েছে
হাতীবান্ধায় ট্রাক-অটোরিকশা সংঘর্ষ; নিহত-২
স্টাফ রিপোর্টারঃ
লালমনিরহাটের হাতীবান্ধায় ট্রাকের ধাক্কায় অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় এক নারীসহ আরও ৪জন গুরুতর আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) দুপুরের পর উপজেলার সোনালী ব্যাংক সূচনা চত্বর এলাকায় ঢাকা-বুড়িমারী মহাসড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, লালমনিরহাট থেকে বুড়িমারীর দিকে যাচ্ছিল ঢাকা মেট্রো-ট ১২-৫৪৮২ নম্বরের একটি ট্রাক। সোনালী ব্যাংক সূচনা চত্বর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে বড়খাতা হয়ে আসা একটি অটোরিকশার সঙ্গে ট্রাকটির সংঘর্ষ হয়।
ট্রাকের ধাক্কায় অটোটি সড়ক থেকে ছেঁচড়ে যায়। একপর্যায়ে ট্রাকটি রাস্তার পাশের একটি মোটরসাইকেলের শোরুমে ঢুকে পড়ে।
সংঘর্ষে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। পাশাপাশি শোরুমে থাকা কয়েকটি মোটরসাইকেলও ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনাস্থলেই অটোরিকশার দুই যাত্রীর মৃত্যু হয়।
নিহতরা হলেন, হাতীবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পশ্চিম সারডুবি এলাকার জহুরুল (৫০) এবং সিঙ্গিমারী এলাকার মোহাম্মদ আলীর ছেলে আব্দুল জলিল (৫০)।
দুর্ঘটনায় অটোরিকশায় থাকা এক নারীসহ আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। স্থানীয়রা তাদের দ্রুত উদ্ধার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাদের চিকিৎসা চলছে। দুর্ঘটনার পর স্থানীয়রা ট্রাকটি আটক করেন।
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান সরকার সড়ক দুর্ঘটনার সত্যতার বিষয়টি নিশ্চিত করেছেন।
দৈনিক আস্থা/এমএইচ


















