খাগড়াছড়িতে শান্তিপূর্ণভাবে পালিত হলো সড়ক অবরোধ
- আপডেট সময় : ১২:৪০:২৩ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
- / ১০১৭ বার পড়া হয়েছে
খাগড়াছড়িতে শান্তিপূর্ণভাবে পালিত হলো সড়ক অবরোধ
স্টাফ রিপোর্টারঃ
সাজেক সড়কে অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে খাগড়াছড়িতে শান্তিপূর্ণভাবে পালিত হলো আধাবেলা সড়ক অবরোধ কর্মসূচি।
শনিবার (২৪ অক্টোবর) ভোর থেকে ছাত্র-জনতার সংগ্রাম পরিষদের ডাকে শুরু হওয়া এ কর্মসূচি চলে দুপুর ১২টা পর্যন্ত। এসময় খাগড়াছড়ি থেকে দূরপাল্লার কোন বাস চলাচল করেনি।
অবরোধ চলাকালে খাগড়াছড়ি শহরের চেঙ্গী ব্রিজ, স্বনির্ভর এলাকা, খাগড়াছড়ি-দীঘিনালা সড়কের কৃষি গবেষণা এলাকা এবং চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কের গুইমারা জোড়াব্রিজ এলাকায় সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন অবরোধকারীরা। চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কের সাপমারা এলাকায় গাছ কেটে সড়ক অবরোধ করা হয়। এ ছাড়া জেলার বিভিন্ন উপজেলায় প্রধান সড়কে গাছের গুঁড়ি ফেলে এবং টায়ার ও খড়কুটায় আগুন জ্বালিয়ে পিকেটিং করা হয়। দীঘিনালা-সাজেক সড়কের মাচালংসহ বিভিন্ন স্থানেও অবরোধকারীদের বিক্ষোভ করার খবর পাওয়া গেছে।
অবরোধের কারণে খাগড়াছড়ি থেকে দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি। শহরের বিভিন্ন এলাকায় অটোরিকশা চলাচল করতে দেখা গেছে। ঢাকা থেকে আসা রাতের বাসগুলো পুলিশি পাহারায় খাগড়াছড়িতে পৌঁছেছে।
খাগড়াছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কায় কিসলু বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা রাতের বাসগুলো পুলিশি পাহারায় শহরে নিয়ে আসা হয়েছে। আর ঢাকা থেকে দেরিতে আসা কয়েকটি বাস রামগড়ে অবস্থান করছে। সেগুলোকে দুপুর ১২টার পর খাগড়াছড়িতে আসতে পরামর্শ দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, শহরের কয়েকটি স্থানে পিকেটাররা টায়ার জ্বালিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের ধাওয়া দেয়। এখন পর্যন্ত পরিস্থিতি শান্ত রয়েছে।
আস্থা/এমএইচ



















