হোসেনপুরে ইসলামিক ম্যুরাল ভাঙচুরের ঘটনায় যুবক আটক
- আপডেট সময় : ০৬:০৮:২৪ অপরাহ্ন, রবিবার, ৬ অক্টোবর ২০২৪
- / ১২৫৪ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জের হোসেনপুরে ইসলামিক ক্যালিগ্রাফি ভাঙচুরের ঘটনায় জড়িত মো. রাকিবুল হাসান তুষার (২৯) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।
শনিবার (৫ অক্টোবর) রাতে পুলিশ অভিযান পরিচালনা করে নিজ বাড়ি থেকে তাকে আটক করে। আটককৃত ওই যুবক সদর উপজেলার স্বল্প যশোদল নধার এলাকার আবু বকর সিদ্দিকের (ধনু চেয়ারম্যান) ছেলে।
হোসেনপুর থানার ওসি মারুফ হোসেন আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, গত ৪ অক্টোবর শুক্রবার পৌর এলাকার হাসপাতাল মোড়ে নব-নির্মিত জাতির পিতা ইব্রাহিম আ. সরণিতে স্থাপিত কালিমা শাহাদাত লিখিত ইসলামিক ম্যুরাল ক্যালিগ্রাফি ভাঙচুরের চেষ্টার ঘটনা ঘটে। এ ঘটনায় মো. ইয়াসির আরাফাত বাদী হয়ে হোসেনপুর থানায় একটি মামলা দায়ের করেন। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় এ কাজে জড়িত যুবক মো. রাকিবুল হাসান তুষারকে আটক করে পুলিশ। প্রাথমিক ভাবে সে ঘটনার দায় স্বীকার করেছে বলে জানিয়েছেন পুলিশ।




















