গাজীপুরে বিএনপির দুই গ্রুপের ধাওয়া পাল্টা ধাওয়া
- আপডেট সময় : ০৩:৫৭:২৬ অপরাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫
- / ১১২৯ বার পড়া হয়েছে
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় বিএনপির নবঘোষিত আহ্বায়ক কমিটিকে কেন্দ্র করে দলটির দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া এবং ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন।
রোববার (১৫ জুন) দুপুরে উপজেলার সাহেব বাজার এলাকায় এই ঘটনা ঘটে।জানা যায়, শনিবার বিকালে উপজেলার বিএনপি ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। কমিটি ঘোষণার পরপরই দলের একাংশ তা প্রত্যাখ্যান করে বিক্ষোভ মিছিল বের করে। রোববার সকাল থেকে বিএনপির দুই গ্রুপ বিজয় মিছিল এবং কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল বের করে।
খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে এসে দুই পক্ষকে শান্ত করার চেষ্টা করেন। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েক রাউন্ড কাঁদানি গ্যাস এবং টিয়ারশেল নিক্ষেপ করে। এতে কমপক্ষে ২০ জন আহত হয়। এ ঘটনায় এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে সাহেব বাজার এলাকায় আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব মো. মান্নান জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী পাহারা দিচ্ছে।




















