মানিকছড়িতে গৃহবধূর মরদেহ উদ্ধার; হত্যা না আত্মহত্যা
- আপডেট সময় : ১০:৫৪:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
- / ১০১৮ বার পড়া হয়েছে
মানিকছড়িতে গৃহবধূর মরদেহ উদ্ধার; হত্যা না আত্মহত্যা
মোফাজ্জল হোসেন ইলিয়াছঃ
খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলার ভোলাইয়াপাড়া এলাকায় তাসলিমা আক্তার (৩০) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে নিজ ঘর থেকে ঝুলন্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে স্থানীয়রা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পারিবারিক ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে পারিবারিক নানা বিষয় নিয়ে তাসলিমা আক্তারের সঙ্গে তাঁর স্বামী ইব্রাহীম খলিলের কথা-কাটাকাটি ও ঝগড়া হয়। এর কিছুক্ষণ পর সকাল সাড়ে ৯টার দিকে ঘরের সিলিংয়ের ভিমের সাথে তাসলিমাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে তাঁর শিশু সন্তানরা চিৎকার শুরু করে। প্রতিবেশীরা ছুটে এসে তাঁকে উদ্ধার করে দ্রুত মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তাঁর মৃত্যু হয়।
প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও নিহতের পরিবার এটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করছে।
তাসলিমার মা ফাতেমা বেগম ও বাবা আবদুর রহিম সংবাদকর্মীদের কাছে অভিযোগ করেন, পারিবারিক কলহের জেরে স্বামী ইব্রাহীম খলিল তাঁদের মেয়েকে হত্যা করে মরদেহ ঝুলিয়ে রেখেছেন। ঘটনার সময় স্বামী ইব্রাহীম পাশের ঘরে নাস্তা তৈরির কাজে ব্যস্ত ছিলেন বলে দাবি করলেও নিহতের পরিবার তা মানতে নারাজ।
খবর পেয়ে সকাল সাড়ে ১০টার দিকে মানিকছড়ি উপজেলা হাসপাতাল থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
মানিকছড়ি থানার ওসি (তদন্ত) মোঃ আল আমিন বলেন, আমরা হাসপাতাল থেকে মরদেহটি উদ্ধার করেছি। নিহতের গলায় ফাঁস দেওয়ার চিহ্ন পাওয়া গেছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে, প্রতিবেদন হাতে পেলেই মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।








