বজ্রপাতে পানছড়িতে ছাত্রী নিহত, আহত-পিতা
- আপডেট সময় : ১০:৪৫:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬
- / ১০৩২ বার পড়া হয়েছে
বজ্রপাতে পানছড়িতে ছাত্রী নিহত, আহত-পিতা
মোফাজ্জল হোসেন ইলিয়াছঃ
খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার ২ নং চেঙ্গী ইউনিয়নের তারাবন এলাকার রাজ মোহন পাড়ায় বজ্রপাতে প্রকাশি চাকমা (১২) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার পিতা শান্তি বিকাশ চাকমাও আহত হয়েছেন।
আজ মঙ্গলবার (১৯ মে) দুপুরে আকস্মিক ঝড়-বৃষ্টির মধ্যে এ দূর্ঘটনা ঘটে। নিহত প্রকাশি চাকমা তারাবন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঝড়ের সময় প্রকাশি চাকমা তার বড় বোন ও পিতা নিজ বাড়িতে অবস্থান করছিলেন। এ সময় ঘরের ভেতরে তার পিতার মোবাইল ফোন চালু ছিল বলে পরিবারের ধারণা, মোবাইল ফোন অন থাকা অবস্থায় বজ্রপাতটি ঘরের ভেতরে আঘাত হানে। এতে ঘটনাস্থলেই প্রকাশি চাকমার মৃত্যু হয় এবং তার পিতা শান্তি বিকাশ চাকমা আহত হন।
২ নং চেঙ্গী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনন্দ জয় চাকমা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমি আজ কাজের ঝামেলায় যেতে পারিনি, আগামীকাল নিহত পরিবারের কাছে যাবো ও সমবেদনা জানাবো এবং আমার পক্ষ থেকে যতটুকু সহযোগিতা করা সম্ভব আমি করবো। আকস্মিক এই ঘটনায় নিহত প্রকাশি চাকমার আত্নার পারলৌকিক সৎগতি কামনা করছি এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করছি।
দৈনিক আস্থা/এমএস


















