কুড়িগ্রামে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে মন্দির সভাপতি আটক
- আপডেট সময় : ০৯:২৭:৩৩ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬
- / ১০২৩ বার পড়া হয়েছে
কুড়িগ্রামে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে মন্দির সভাপতি আটক
রিয়াজুল হক সাগর/রংপুর প্রতিনিধিঃ
কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় ছয় বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে কৃষক নারায়ণ চন্দ্র (৭০) নামের একজনকে আটক করেছে পুলিশ।
গতকাল শনিবার (৪ জুলাই) রাতে উপজেলার একটি গ্রাম থেকে তাঁকে আটক করা হয়। অভিযুক্ত নারায়ণ চন্দ্র রাজারহাট উপজেলার কুমারগঞ্জ গ্রামের বাসিন্দা ও গ্রামেরই একটি স্থানীয় মন্দির কমিটির সভাপতি। আজ রোববার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল দুপুরে বাড়ির পাশে খেলাধুলা করছিল শিশুটি। এমন সময় দূরসম্পর্কের দাদা (দাদু) নারায়ণ চন্দ্র মিষ্টি খাওয়ানোর প্রলোভন দেখিয়ে তাকে নিজের বাড়িতে ডেকে নিয়ে যায়। পরে তিনি শিশুটিকে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় শিশুটি চিৎকার দিলে স্থানীয় লোকজন ঘটনাস্থলের দিকে এগিয়ে আসেন। এলাকাবাসীর উপস্থিতি টের পেয়ে নারায়ণ চন্দ্র দ্রুত পালিয়ে যান। পরে শিশুটি তার মায়ের কাছে পুরো ঘটনা খুলে বলে।
এ ঘটনায় ভুক্তভোগী শিশুর পরিবার তাৎক্ষণিকভাবে বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানালে রাতে রাজারহাট থানায় অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে মামলা করা হয়। মামলার পরিপ্রেক্ষিতে রাতেই অভিযান চালিয়ে নারায়ণ চন্দ্রকে আটক করে পুলিশ।
এ বিষয়ে রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুনুর রশীদ বলেন, মামলার পর শনিবার রাতেই অভিযুক্ত ব্যক্তিকে আটক করা হয়েছে। আজ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
দৈনিক আস্থা/এমএইচ


















